কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা ‘শনিবার বিকেল’। হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি প্রদর্শনের অনুমতি দিলেও পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে। এরপর কেটে গেছে প্রায় চার বছর। তবে এখনো দেশের মাটিতে মুক্তি পায়নি সিনেমাটি। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কানাডায় আগামী ১০ মার্চ রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে সিনেমাটি মুক্তি পাবে। এটির বিপণন ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। একুশে ফেব্রুয়ারি রাতে সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে। ১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে সাসপেন্স আর শঙ্কা স্পষ্ট। একটি রেস্টুরেন্টে আগত কয়েকজন মানুষকে জিম্মি করে গোলাগুলি ও নির্যাতনের ঘটনা দেখানো হয়েছে। ট্রেলারের অল্প ঝলকেই জাহিদ হাসান, মামুনুর রশিদ, নুসরাত ইমরোজ তিশার মনের ভেতরের ঝড় স্পষ্টভাবেই ধরা পড়েছে। অন্যদিকে ভিন্নভাবে দেখা দিয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় ও ইন্তেখাব দিনারকে।
সিনেমাটির ট্রেলার প্রকাশের পর গতকাল ফারুকী নিজের ফেসবুক প্রফাইলে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন। ফারুকী জানিয়েছেন, ‘শনিবার বিকেলের ট্রেলারটা কালকে রাতে বের হওয়ার পর থেকে একটা অন্য রকম ভালো লাগা কাজ করতেছে। মনে হচ্ছে কালো জাদুর বাক্সে আটকে থাকা প্রিয় কবুতর যেন বহুদিন পর আকাশ দেখল। আমেরিকা ও কানাডায় যেসব বাংলাভাষী আছেন, ক্যালেন্ডারে মার্চের ১০ তারিখ মার্ক করে রাখবেন প্লিজ!’
ইউটিউবে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর সিনেমাপ্রেমীদের অনেকেই তাদের মতামত তুলে ধরেছেন। একজন দর্শক লিখেছেন, ‘দুর্দান্ত ট্রেলার। পুরো সময় একটা টেনশন ফিল করতে বাধ্য হচ্ছিলাম।’
বাংলাদেশে শনিবার বিকেল মুক্তি নিয়ে গত ২১ জানুয়ারি সেন্সর বোর্ডের আপিল শুনানি করে। সে সময় আপিল কমিটির সদস্যরা জানিয়েছিলেন, সিনেমাটি মুক্তিতে বাধা নেই। এরপর এক মাস কেটে গেলেও এখনো মেলেনি সেন্সরের ছাড়পত্র। এখন দেখার পালা দেশের মাটিতে কবে মুক্তি মেলে ফারুকীর শনিবার বিকেলের।
বাংলাদেশ-ভারত-জার্মান এ ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত শনিবার বিকেল। ২০১৮ সালে এর শুটিং শুরু হয়। টানা ১৫ দিনের মহড়ায় মাত্র সাতদিনেই শেষ হয় ছবির শুটিং। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। ফিলিস্তিনের ইয়াদ হুরানি ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় অভিনয়ে রয়েছেন। সিনেমাটি আন্তর্জাতিক মহলে একাধিক পুরস্কার জিতে নিয়েছে। মস্কোয় দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার পেয়েছে। এর একটি রাশান ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস জুরি পুরস্কার, অন্যটি হলো কমেরসান্ত পুরস্কার। বিশ্বজনপ্রিয় গণমাধ্যম হলিউড রিপোর্টারও সিনেমাটি নিয়ে আলোচনা করেছে, যাতে উঠে এসেছে এ সিনেমা সম্পর্কিত নানা খুঁটিনাটি বিষয়ের পাশাপাশি ইতিবাচক মন্তব্য।










