সৃজিত মুখার্জির নতুন চলচ্চিত্র ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবি’ অবলম্বনে নির্মিত হচ্ছে। উপন্যাসটি ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়। এ কারণে ঘোষণার শুরুতেই সিনেমাপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে। সিনেমাটি নিয়ে আলোচনা যেন থামছে না। এর কারণ ছবিতে একের পর এক বদল। কিছুদিন আগে প্রযোজক বদল করা হয়। নতুন প্রযোজক ‘নন্দী মুভিজ়’। এবার করা হলো নায়িকা বদল। নায়িকার চরিত্রে সোহিনী সরকারের পরিবর্তে অভিনয় করবেন মিমি চক্রবর্তী। এর মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় আসছে মিমি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন জানায়, নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পর আরো কিছু অভিনয়শিল্পীকেও বদল করা হয়েছে। এর মধ্যে রুদ্রনীল ঘোষের পরিবর্তে দেখা যাবে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়।

এ বিষয়ে পরিচালক সৃজিত জানান, ‘সোহিনীর পরিবর্তে মিমি আসার সিদ্ধান্তের সঠিক উত্তর দিতে পারবেন প্রযোজক। আসলে অভিনেতাদের বাছাইয়ের ক্ষেত্রেও তো অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। ... কাকাবাবু চরিত্রের জন্য সত্যম অনেকটা ওজন বাড়িয়েছে। এই ছবির চরিত্রের জন্য নির্দিষ্ট কিছু চাহিদা আছে। তাই ঋককে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রযোজক প্রদীপ কুমার নন্দী বলেন, ‘প্রথমবারের মতো সৃজিতদার সঙ্গে কাজ করছি। খুবই খুশি আমরা। আর আগে কী ঠিক হয়েছিল সেটা আমাদের জানা ছিল না। নতুন করে সবকিছু সাজানোর পরিকল্পনা করি আমরা। আর মিমি চক্রবর্তীও অসাধারণ অভিনেত্রী। তাই বলে সোহিনী ভালো নয় তা বলছি না। কারণ ওর সঙ্গে আমরা সম্প্রতি কাজও করলাম।’

সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এর সংগীত পরিচালনা করছেন সৃজিত নিজেই। এর আগে আনুষ্ঠানিকভাবে সংগীত পরিচালনার কাজ না করলেও এ কাজে অভিজ্ঞতা আছে বলে জানান তিনি। সিনেমায় মোট চারটি গান থাকবে। এর মধ্যে দুটি রবীন্দ্রসংগীত। একটি গান লিখেছেন পরিচালক নিজেই। অন্য গানটি শ্রীজাত’র লেখা। শুটিং হবে কলকাতায়। সবকিছু ঠিক থাকলে আসছে জানুয়ারি থেকে শুটিং শুরু হবে।