ইরানি পরিচালক দারিউস মেহরজুই ও তার স্ত্রীকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। ইরানের সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্যমতে, পরিচালক ও তার স্ত্রী ওয়াহিদা মোহাম্মদিফারের ঘাড়ে ছুরির আঘাত পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা হোসেন ফাজায়েল জানান, দারিউসের কন্যা মোনা মেহরজুই শনিবার রাতে তাদের বাড়িতে গিয়ে বাবা-মায়ের মরদেহ আবিষ্কার করেন। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে তারা এ হত্যাকাণ্ডের কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত খুঁজে পাননি। তবে দারিউসের স্ত্রী ওয়াহিদা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে বলেছিলেন তাদের ওপর প্রাণঘাতী হামলার আশঙ্কা আছে।

মেহরজুই ইরানি সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ পরিচালক। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সত্তরের দশকে তৈরি হওয়া ইরানি নিউ ওয়েভের অন্যতম সহপ্রতিষ্ঠাতা। ১৯৯৮ সালে শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে সিলভার হুগো ও সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ১৯৯৩ সালে পেয়েছিলেন গোল্ডেন সিশেল। 

সূত্র: আউটলুক ইন্ডিয়া