বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলের সিনেমা দিন: দ্য ডের বাজেট ১০০ কোটি নয়, বরং ৪ কোটি ৭৫ লাখ টাকা। এমনই তথ্য জানা গেছে সিনেমাটির বাজেটের চুক্তিপত্র থেকে।

সোমবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে ‘দিন: দ্য ডে’ সিনেমার ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম চুক্তিপত্রটি প্রকাশ করলে এ তথ্য জানা যায়। চুক্তিপত্রে সিনেমাটির বাজেট হিসেবে উল্লেখ আছে ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা। ২০১৮ সালে এ চুক্তি সম্পন্ন হয়।

এছাড়া চুক্তিপত্রে সিনেমার সর্বমোট বাজেটের অর্থ ছয় কিস্তিতে ইরানি পরিচালককে দেয়ার কথা ছিল। কিন্তু অনন্ত জলিলের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন এ পরিচালক।

বিষয়টি নিয়ে অনন্ত জলিল ফেসবুক লাইভে এসে বলেন, ইরানের পরিচালকতো বাংলায় লিখতে পারে না। বাংলাদেশ থেকে তাকে কেউ পরিচালনা করছে। তারা চাচ্ছেন আমি যেন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। আর সিনেমা না বানাই, তাদের কথায় সরে যাই। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিচালকের সঙ্গে কথা বলে তারপর বিস্তারিত জানাব।

এদিকে চারদিন আগে ইরানের এ পরিচালক ইনস্টাগ্রামে আরেক পোস্টে ইরান ও বাংলাদেশের আদালতে অনন্ত জলিলের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের দায়ে মামলা করবেন বলেও জানান।