ভিন্নধারার গল্প তুলে ধরার জন্য দর্শক মহলে বেড়েই চলেছে ওটিটি প্লাটফর্মগুলোর জনপ্রিয়তা। আমাদের দেশের দর্শকের মাঝেও সে ধারা বহমান। ভিন্নধর্মী কনটেন্ট নিয়ে আসার জন্য ওটিটি প্লাটফর্মগুলো কাজ করে বিভিন্ন প্রডাকশন হাউজের সঙ্গে। সময় উপযোগী কনটেন্ট নির্মাণের লক্ষে এবার সে পথেই হাঁটল চরকি। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট ও চরকি একসঙ্গে কাজ করতে যাচ্ছে। ফিল্ম সিন্ডিকেট চরকির জন্য আগামী তিন বছরে ১০টি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছে। ঢাকা ক্লাবে গত বুধবার বিকালে এক জমকালো আয়োজনে যৌথভাবে সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ফিল্ম সিন্ডিকেট ও চরকি।
২০২০ সালে মীর মোকাররম হোসেনের উদ্যোগে চলচ্চিত্র নির্মাতা তানিম নূর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়, সালেহ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, রুমেল চৌধুরী ও রেহমান সোবহানকে নিয়ে যাত্রা করে ফিল্ম সিন্ডিকেট। ‘কাইজার’, ‘কারাগার’, ‘ঊনলৌকিক’, ‘তাকদীর’-এর মতো আলোচিত সিরিজ নির্মাণ করে পরিচিতি পেয়েছে ফিল্ম সিন্ডিকেট।
চরকির সঙ্গে নতুন ওয়েব সিরিজ নির্মাণ প্রসঙ্গ নিয়ে জানতে চাইলে ফিল্ম সিন্ডিকেটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মীর মোকাররম হোসেন বলেন, ‘ফিল্ম সিন্ডিকেট চরকির শুরু থেকেই তাদের সঙ্গে কাজ করে আসছে। এরপর দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলাম, কীভাবে আমরা একসঙ্গে আরো কাজ করতে পারি। আমরা বিশ্বাস করি, ফিল্ম সিন্ডিকেট যে কনটেন্ট বানাতে চায়, তা বিশ্বের সব বাঙালি তথা সব দর্শকের কাছে পৌঁছে দেবে চরকি।’
এ প্রসঙ্গ টেনে তরুণ নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি বলেন, ‘একসঙ্গে একটা এক্সাইটিং জার্নি শুরু করলাম। দর্শকের দেখার ধরন পরিবর্তন হচ্ছে বা হয়েছে, সেটা আমরা জানি। ফিল্ম সিন্ডিকেট ও চরকি মিলে দর্শককে নতুন কিছু উপহার দেবে এ প্রত্যাশা।’
চরকি ও প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট প্রায় একই সময়ে যাত্রা করেছিল। আর চরকির শুরুর দিকে চরকির জন্য ঊনলৌকিক নির্মাণ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম সিন্ডিকেট। চরকি ও ফিল্ম সিন্ডিকেটের নতুন যাত্রার বিষয়ে বলতে গিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘বাংলাদেশে ওটিটি কনটেন্টের জার্নির সঙ্গে ফিল্ম সিন্ডিকেটের নাম ওতপ্রোতভাবে জড়িত। তারা যে গুণগত কাজ করে তা দর্শক জানে। খুব প্রফেশনাল-ট্যালেন্টেড নির্মাতা ও প্রযোজকেরা আছেন ফিল্ম সিন্ডিকেটে। চরকির সঙ্গে ফিল্ম সিন্ডিকেটের এ কোলাবরেশনটা বাংলা কনটেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিশাল ব্যাপার হবে।’
চরকি ও ফিল্ম সিন্ডিকেটের একসঙ্গে ওয়েব সিরিজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণার আয়োজনে বসেছিল তারার মেলা। সারা যাকের, নুসরাত ইমরোজ তিশা, এফএস নাঈম, নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, তানজিকা আমিন, ইরেশ যাকের, সুমন আনওয়ার, সৌম্য-দিব্য, আইশা খান, সাদিয়া আয়মান, খাইরুল বাসার, পরিচালক শিহাব শাহীন, রায়হান রাফীসহ আরো অনেক তারকারা এসেছিলেন এ আয়োজনে অংশ নিতে।
চরকি ও ফিল্ম সিন্ডিকেটের পক্ষ থেকে জানানো হয়, এর মধ্যে একটি সিরিজ নির্মাণ শেষ হয়েছে এবং আরেকটির চিত্রনাট্যের কাজও হয়েছে। বাকিগুলোর কাজ এগিয়ে নিচ্ছে ফিল্ম সিন্ডিকেট।










