এক যুগের বেশি সময় ধরে সংগীত ভুবনের সঙ্গে যুক্ত আছেন তানজিব সারোয়ার। গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। নতুন গানের খবর জানতে চাইলে এ সংগীতশিল্পী জানান, আগামীকাল আসতে যাচ্ছে তার নতুন গান বন্ধুয়ারে। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।
‘বন্ধুয়ারে বন্ধুয়া কি মোহে জড়াইলা/ চোখে আর ঘুম ধরে না’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়ে তাতে সুর ও কণ্ঠ দিয়েছেন তানজিব সারোয়ার নিজেই। এর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। কক্সবাজারের জিরো পয়েন্টের একাধিক লোকেশনে চিত্রায়ণ করে এ গানের ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। ভিডিওতে দর্শক দেখতে পাবে তানজিব সারোয়ার ও আফসানা চৌধুরী সিফার অন্য রকম এক রসায়ন।
গানটির অডিও ও ভিডিও প্রসঙ্গে তানজিব বলেন, ‘আমি বরাবরই শ্রোতাদের কথা চিন্তা করে অনেক যত্ন ও সময় নিয়ে একটি গান করার চেষ্টা করি। তাই আমার দৃঢ় বিশ্বাস, গানটি শ্রোতাদের হৃদয়ে দাগ কেটে যাবে। আর এ গানের ভিডিওতে দর্শক শ্রোতা আমাকে পাবে নতুন রূপে। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখেই দৃষ্টিনন্দন ভিডিও নির্মাণ করা হয়েছে।’ ধ্রুব মিউজিক স্টেশন জানায়, আগামীকাল তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটির ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশী ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।
গত বছর সিনেমার তানজীব সারোয়ারের অভিষেক হয়েছিল রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ শিরোনামের গান দিয়ে।










