‘আমি যাবো দেশান্তরে যেখানে ফুলের মুক্তি আছে’ শিরোনামে কলকাতার কল্যাণী নাট্যচর্চা কেন্দ্রর আয়োজনে শুরু হয়েছে ২৯তম নাট্যোৎসব। ১৬ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী নাট্যোৎসবটি চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ঋত্বিক সদন, কল্যাণী, কলকাতায় আয়োজিত এ নাট্যোৎসবে অংশ নিচ্ছে ‘সময় নাট্যদল’। তারা পরিবেশন করবে তাদের জনপ্রিয় প্রযোজনা ‘ভাগের মানুষ’। সময় নাট্যদল তাদের ভাগের মানুষ নিয়ে অবস্থান করছে কলকাতায়। আজ হতে যাচ্ছে নাটকটির প্রদর্শনী।
ভাগের মানুষ রচিত হয়েছে একটি উর্দু গল্প থেকে। উর্দু সাহিত্যের জনপ্রিয় লেখক সা’দত হাসান মান্টোর ছোট গল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে রচিত হয়েছে এটি। গল্পের নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা। ভাগের মানুষ মূলত ‘সময়’-এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে সময়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম মিঠু, মাহমুদুল আলম, মানসুরা রশীদ লাভলী, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, সাবিহা সুলতানা শিমু, মমিনুল হক সানী, সাইফুল ইসলাম, চন্দন বোস, রাকিবুল হাসান, মাসুম প্রমুখ।
গল্পের পটভূমি ১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে একধরনের নাগরিক স্বস্তি দেয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বল জ্বল করছে মানুষের বুকে। মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এ মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশ ভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনিময়ে পাগল। এমন গল্প নিয়েই ভাগের মানুষ। দেশের মঞ্চে প্রশংসিত হওয়ার পর এখন কলকাতার মঞ্চেও গল্পটি উপস্থাপন করবে সময়।










