গতকাল ছিল বড়দিন। দিনটিকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিশেষ আয়োজন করে। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গা পূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে এ আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বুধবার সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের নন্দনমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক সন্ধ্যার।

সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতেই তেজগাঁও চার্চ কয়ার ‘শীত মাঝে এলো বড়দিন’, ‘একটি শিশু জন্ম নিল’ ও ‘জর্ডান তীরে সূর্য উঠেছে’। ‘পথ হারা পথিকরা আয়’, ‘তুমি মহান, তুমি মহান’ ও ‘আজ এলো যেই বড়দিন’ পরিবেশন করেন জুলিয়েট সুস্মিতা বাড়ৈ। ব্যান্ড গীতসিমানী ওরশীপ পরিবেশন করেন ‘ফেলিজ ন্যাভিয়ালাদ’, ‘এসো ভক্তবৃন্দ, করো জয়ধ্বনি’, ‘জন্মেছেন প্রভু যীশু’ ও ‘শুনো স্বর্গদূতের রব’ গানগুলো। জ্যানেট বাড়ৈ নীরব রাত, পূণ্য রাত ও ক্যারল অফ দ্য বেলস গানগুলো পরিবেশন করেন। সবশেষে মঞ্চে ওঠে ব্যান্ড দল এফ মাইনর, তারা একে একে পরিবেশন করে ‘খাদং জাচিম (গারো সংকীর্তন)’, ‘আজ প্রভু এসেছেন আমাদের’ ও ‘উড়াও বিজয় পতাকা (কীর্তন)’।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ডলোরেস দোলা কোড়াইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন), বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন, বিভিন্ন দেশের এম্বাসির প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার কর্মকর্তা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের পরিচালকসহ একাডেমির কর্মকর্তারা। সাংস্কৃতিক উৎসবে দর্শকের প্রাণবন্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।