দীপ্ত টিভির প্রাঙ্গণে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে সিএমজি বাংলাদেশের চীনা রেডিও সম্প্রচারের ৫৫তম বার্ষিকী। এ উপলক্ষে একই দিনে দীপ্ত টিভির প্রাঙ্গণে আয়োজন করা হয় ‘‌হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট ২০২৪’-এর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স, বাংলাদেশ চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাং জিয়াও লিয়াং ও সিএমজির বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ে আনন্দি জুমে বক্তব্য দিয়েছেন। আরো ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী প্রমুখ।

হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ-চীন মিডিয়া ক্লাবের উদ্যোগে। অনুষ্ঠানে গান নিয়ে ছিলেন চিরকুট ব্যান্ড গ্রুপ ও তাহসান। মঞ্চে চিরকুট প্রথম চীনা ভাষায় গান পরিবেশন করল। চাইনিজ ব্যান্ড বাংলায় চিরকুটের ‘‌আহারে জীবন’ ও তাহসানের ‘‌প্রেম তুমি গান’ পরিবেশন করেছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চীনা ভাষায় চিরকুটের পারফরম্যান্সের ভিডিও শেয়ার করেছেন ব্যান্ডটির ভোকাল সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি। এ প্রসঙ্গে সুমি বলেন, ‘গত অলমোস্ট তিন সপ্তাহ আমরা নাওয়া-খাওয়া ভুলে এ গান তুলেছি। নতুন করে আমাদের মতো করে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছি। মিস্টার লি আর ঝাওয়ের দুর্দান্ত সহযোগিতায় নিরব, দিব্য, জাইভস আর আমি সর্বোচ্চ পরিশ্রমটা করেছি এ গান করতে গিয়ে। সবার সম্মিলিত চেষ্টায় হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্টে পারফর্ম করেছি আমরা।’

হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট ২০২৪-এর পুরো অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রাফসান সাবাব ও সিএমজির পক্ষ থেকে তাকে সহযোগিতা করেন আফরিন মিম ও এ্যানি। হ্যালো চায়না নিউ ইয়ার কনসার্ট অনুষ্ঠানটির প্রযোজনায় ছিলেন মাসুদ মিয়া ও গৌরব সরকার।