আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা বান্ধব। বেশ কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান। তবে দুর্গা পূজা উপলক্ষে এবার আর দেরি না করে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। বিষয়টি নিশ্চিত করেছেন স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া।
তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকায় সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে হয়েছিল। কিন্তু এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। আমাদের দেশে বর্তমানে ভালো সিনেমার সংকট চলছে। তাই দর্শকের জন্য এ সিনেমা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করেই আগামী ৩ অক্টোবর সিনেমাটি মুক্তি দিচ্ছি।’
এ সিনেমা নিয়ে আশাবাদী নায়িকা মৌ খান। তিনি বলেন, ‘সিনেমাটিতে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি। এবারই প্রথম নিজেকে কেবল নায়িকা নয়, একজন অভিনেত্রী ভেবে চরিত্রে ডুবে কাজ করেছি। আমার জন্য পুরো যাত্রাটা চ্যালেঞ্জিং ছিল। দীর্ঘদিন অপেক্ষা করার পর অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আমি আশাবাদী, দর্শক কাজটি পছন্দ করবে।’
বান্ধব পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। সিনেমার কাহিনীতে দেখা যাবে, ময়লা-আবর্জনায় ভরা একটি ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া এক জন্মপরিচয়হীন শিশুর জীবনসংগ্রামের গল্প। সামাজিক বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত এ সিনেমায় মানবিক মূল্যবোধ, সংগ্রাম আর ভালোবাসার দিকগুলো তুলে ধরা হয়েছে।
মৌ খানের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খানসহ আরো অনেকে। সিনেমাটিতে রয়েছে মোট পাঁচটি গান। এর মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং একটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন দেশের দুই বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান ও এমএ রহমান।
সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে মৌ খানের বান্ধব। এখন দেখার বিষয়, মুক্তির পর দর্শক কতটা সাড়া দেন সিনেমাটির প্রতি।










