দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইমরান মাহামুদুল। চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গায়ক নতুন চারটি সিনেমায় গান গেয়েছেন। এর মধ্যে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমায় সুদীপ কুমার দীপের লেখা ও ইমন সাহার সুর-সংগীতে একটি গান প্রশংসা কুড়াচ্ছে। অন্যদিকে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমার ‘ভালোবাসি বলা হয়ে যায়’ গানটিও গেয়েছেন ইমরান। এতে ইমরানের সহশিল্পী পূজা।

অন্যদিকে সোমবার রাতে প্রকাশ পেল ইমরান ও কণার গাওয়া নতুন গান ‘তার হাওয়াতে চলে যে ডানা’। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার এ গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ, সুর-সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমায়ও গান গেয়েছেন ইমরান। সিনেমার সঙ্গে গানটিও রয়েছে প্রকাশের অপেক্ষায়। অপারেশন সুন্দরবনে ইমরানের গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও সুর-সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি। নতুন সিনেমার গানগুলো প্রসঙ্গে ইমরান বলেন, ‘আশীর্বাদের গানটা এখনো ইউটিউবে আসেনি। তবে আমার মনে হয় এ গান ইউটিউবে প্রকাশ পেলে আরো সাড়া ফেলবে। বীরত্বের গানটির জন্য এরই মধ্যে বেশ সাড়া পেয়েছি। অপারেশন সুন্দরবনের গানটিও খুব ভালো। এতে আমার সহশিল্পী কণা আপু। আমাদের দুজনের গানের প্রতি শ্রোতা-দর্শকের একটা আলাদা ভালো লাগা রয়েছে। আশা করছি, এ গানও শ্রোতা-দর্শক ভালোভাবেই গ্রহণ করে নেবেন। দামালের গানটিতে নিধি বেশ ভালো করেছেন। গানের কথাও এক কথায় অসাধারণ। রায়হান রাফির সিনেমার প্রতি দর্শকের একটা ভালো লাগা আছে। ‘পরাণ’ই যেন তার দৃষ্টান্ত। আশা করছি দামাল সিনেমা এবং এর সব গানই শ্রোতা দর্শকের ভালো লাগবে।’ এর আগে ইমরানের সুর-সংগীতে কোনাল ও মিলনের গাওয়া গানটিও শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। গানটি লিখেছেন জামাল হোসেন। একই গীতিকারের লেখা ও ইমরানের সুর-সংগীতে ইমরানেরই গাওয়া ‘ঘুম ঘুম চোখে’ গানটিও বেশ সাড়া ফেলেছে। গানটি ৪৪ লাখের বেশি ভিউয়ার উপভোগ করেছেন।