জিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ’। আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসছেন দেশের শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য মানুষেরা। আয়োজনের ৩১তম পর্বের অতিথি মিশা সওদাগর।

প্রায় ৯০০ চলচ্চিত্রে অভিনয় করে বিস্ময় সৃষ্টি করেছেন মিশা। একান্ত আলাপচারিতায় তিনি প্রকাশ করেছেন চলচ্চিত্রের সঙ্গে তার নিবিড় সম্পৃক্ততার নেপথ্য গল্প। যেসব গল্প অনেক দর্শকেরই অজানা। জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের শিল্প-সংস্কৃতি অঙ্গনের বরেণ্য মানুষগুলোর সৃষ্টিশীল কাজের সঙ্গেই কেবল পরিচিত। তবে তাদের ব্যক্তিজীবন সম্পর্কে একটু কমই জানি। এই অনুষ্ঠান মূলত তাদের কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিজীবন সম্পর্কে জানানোর অনুষ্ঠান। যে কারণে ইতোমধ্যেই অনুষ্ঠানটি জায়গা করে নিয়েছে দর্শকের পছন্দের তালিকায়। আশা করি মিশা সওদাগরের পর্বটিও দর্শকপ্রিয়তা পাবে।’

আর অতিথি মিশা সওদাগর বলেন, ‘আমরা যারা চলচ্চিত্রের মানুষ, তারা লাইট-ক্যামেরা-অ্যাকশন শুনে শুনেই একজীবন কাটিয়ে দিই। নিজের কথা আর সেভাবে শোনানো হয় না। তবে এই অনুষ্ঠানটিতে নিজের কথা বলেছি মন খুলে। আশা করি দর্শকের ভালো লাগবে।’

উল্লেখ্য, পর্বটি জিটিভিতে প্রচার হবে আগামী ২৩ নভেম্বর রবিবার রাত ৮টা ৩০ মিনিটে।