দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সোহানা সাবা, টেলিভিশন নাটক আর চলচ্চিত্রে সমানতালে কাজ করেছেন। সম্প্রতি সাবা সরকারি অনুদানের একটি সিনেমায় কাজ করছেন। সিনেমার নাম ‘অসম্ভব’। যাত্রা শিল্পকে নিয়ে নির্মিত এ সিনেমা পরিচালনা করছেন অরুণা বিশ্বাস।
এ গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। এরই মধ্যে সিনেমার যাবতীয় কাজ শেষ করেছেন তিনি। এ নিয়ে সোহানা সাবা বলেন, ‘শ্রদ্ধেয় অরুণা দিদির পরিচালনায় প্রথম চলচ্চিত্র অসম্ভবে আমি অভিনয় করেছি, এ আমার পরম ভালো লাগা। আমরা যারা নিয়মিত অভিনয় করি, তাদের কিছু স্বপ্নের চরিত্র থাকে। এ সিনেমায় আমি যে চরিত্রে অভিনয় করেছি, বলা যায় এটি আমার স্বপ্নের একটি চরিত্র। যে কারণে কাজটি করার সময় দারুণ উপভোগ করেছি। এ সিনেমায় অরুণা দিদির মাকেও পেয়েছি। তার সঙ্গে এর আগেও একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। এখানেও তার সঙ্গে কাজ করার সুযোগ হলো, এটাও ভীষণ ভালো লাগার। আর দিদি ছবিটি নির্মাণ করতে গিয়ে আয়োজনের দিক দিয়ে কোনো ঘাটতি রাখেননি। আমরা যখন কবরস্থানে শুটিংয়ে গিয়েছিলাম, আমাদের সবারই মনে হয়েছিল, এটি সত্যিকারের কবরস্থান। কিন্তু এটারও সেট নির্মাণ করা হয়েছিল। যে কারণে সব মিলিয়ে আমার কাছে মনে হলো অসম্ভব একটি পরিপূর্ণ সিনেমা হয়েছে। আমি খুবই আশাবাদী এটি নিয়ে।’ অন্যদিকে এরই মধ্যে সোহানা সাবা শেষ করেছেন আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার কাজ। এতে অভিনয়ের শুরুতেই সহশিল্পী হিসেবে সাবা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌসকে। তার ভাষ্যমতে, তিনি ফেরদৌসের কাছ থেকেও অভিনয়ের অনেক কিছু শিখেছেন। সিনেমায় অভিনয়ের শুরু থেকেই তিনি অনেক গুণী পরিচালক, সহশিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। যে কারণে সাবা সিনেমায় অভিনয়ের শুরু থেকেই নিজেকে সমৃদ্ধ করতে পেরেছেন। আজকের সোহানা সাবা তাই অভিনয়ে অনেকটাই পরিপূর্ণ একজন অভিনেত্রী। প্রয়াত চলচ্চিত্রাভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী পরিচালিত ‘আয়না’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সোহানা সাবার।










