সংকটজনক শারীরিক অবস্থায় রয়েছেন ভারতীয়
শাস্ত্রীয় সংগীতের অন্যতম শিল্পী ওস্তাদ রশীদ খান। কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে
ভুগছেন তিনি।
কিছুদিন আগেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন
রশীদ খান। কিন্তু সাম্প্রতিক মস্তিষ্কে রক্তক্ষরণ থেকেই অবস্থার অবনতি শুরু হয়। বর্তমানে
দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫ বছর বয়সী এ শিল্পী।
কাছের মানুষদের বরাত দিয়ে আজ শনিবার
(২৩ ডিসেম্বর) আনন্দবাজার পত্রিকা জানায়, শিল্পীর অবস্থা যথেষ্ট সংকটজনক। ক্যান্সার
ও ব্রেনস্ট্রোক জনিত জটিলতায় ভুগছেন তিনি। মেডিসিন ও ক্যান্সারের চিকিৎসকদের একটি দল
তাকে পর্যবেক্ষণে রেখেছে।
শুরুতে মুম্বাইয়ের টাটা ক্যান্সার
রিসার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন রশীদ খান। পরে সেখান থেকে কলকাতায় চলে আসেন। এরপরই
মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। খবর এসেছিল সুস্থ হওয়ারও, ওই সময় চলচ্চিত্রের
গানসহ একাধিক রেকর্ডিংয়ে অংশ নেন।
উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশীদ খানের।
তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ।
রশীদ তালিম নিয়েছেন এ ঘরানারই আরেক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁর কাছে, যিনি ছিলেন
তার নানা। মামা গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁর কাছ থেকেও তালিম নিয়েছেন।
জাব উই মেট, হাম দিল দে চুকে সনম, মাই
নেজ ইজ খান, ভদকা ডায়েরিজের মতো পরিচিত চলচ্চিত্রে গান করেছেন রশীদ গান। ওই সব গান
তাকে সাধারণ শ্রোতাদের কাছেও পৌঁছে দিয়েছে।










