২০১৯ সালটি হূত্বিক রোশনের দারুণ কেটেছে। পরপর দুটি সম্পূর্ণ আলাদা ধরনের হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সুপার ৩০ সিনেমায় তাকে দেখা গেছে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে। আর ওয়ার সিনেমায় তিনি করেছেন দুর্ধর্ষ সব লড়াই করা কবির-এর চরিত্র। দুটি ছবিই বক্স অফিসে খুব ভালো ব্যবসা করেছে। আলাদা ধরনের এ চরিত্রগুলোতে অভিনয় করতে হূত্বিক নিজের মধ্যে যে রূপান্তর ঘটিয়েছিলেন, তার জন্য বিশ্বজুড়ে তার ভক্তদের কাছ থেকে তিনি প্রচুর ভালোবাসাও পেয়েছেন। সমালোচকরাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

ওয়ার সিনেমার পর থেকেই হূত্বিকের পরবর্তী সিনেমা সম্পর্কে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফারাহ খানের সঙ্গে সাত্তে পে সাত্তা ছবির রিমেক নিয়ে কাজ করার খবর পাওয়া গেলেও চিত্রনাট্যে সমস্যার কারণে তা আর বাস্তবায়িত হয়নি। এখন শোনা যাচ্ছে যে হূত্বিক শিগগিরই ‘তানহাজি: দি আনসং ওয়ারিয়র’-এর পরিচালক ওম রাউতের সঙ্গে একটি প্রকল্পে কাজ করতে পারেন। প্রকশিত সংবাদে বলা হয়েছে, সামনে সিনেমা নিয়ে কাজ করার জন্য তিনি বর্তমানে একাধিক নির্মাতার সঙ্গে কথা বলছেন। যে পরিচালকদের সঙ্গে তিনি আলোচনা করছেন, ওম রাউতে তাদের মধ্যে একজন।

এদিকে, কৃষ ফোর নিয়েও আলোচনা চলছে। তবে এখনো এ সম্পর্কে কোনো আপডেট নেই বলে জানা যায়। হূত্বিক তার বাবা, সিনেমাটির পরিচালক-প্রযোজক রাকেশ রোশনের সঙ্গে নিয়মিত আলাপ করছেন বলেও জানা গেছে।

 

সূত্র: পিংকভিলা