বলিউডের প্রযোজক রনি স্ক্রুওয়ালা পড়েছেন মহাফ্যাসাদে।
ভিকি কৌশল আর সারা আলি খানকে নিয়ে বানাতে চেয়েছিলেন আধুনিক পৌরাণিক সুপারহিরো ছবি দি ইমমর্টাল অশ্বত্থামা।
মহাভারতের চরিত্র অশ্বত্থামাকে উপজীব্য করে আধুনিক কল্পবিজ্ঞানের গল্প বলতে চেয়েছিলেন নির্মাতারা।
ছবির জন্য ভিকি ও সারা চুক্তিপত্রও স্বাক্ষর করেছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়েছিল।
কিন্তু গতকাল বলিউড হাঙ্গামা জানিয়েছে, ছবিটি আপাতত স্থগিত হয়েছে।
আর কারণ হচ্ছে বাজেট।
প্রযোজক রনি স্ক্রুওয়ালা নিজেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে এ ছবির কারণে এরই মধ্যে প্রযোজক বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, দি ইমমর্টাল অশ্বত্থামার প্রস্তুতি চলছে দুই বছর ধরে।
অশ্বত্থামার প্রস্তুতি চলছে দুই বছর ধরে।
প্রি-ভিজুয়ালাইজেশনের কাজ পুরোটা হয়ে গেছে, ভিএফএক্স টিমের সঙ্গে বৈঠক হয়েছে কয়েক দফা।
গত এক বছরে সারা ও ভিকির প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক অ্যাকশন টিম ভাড়া করা হয়েছে।
এসব করতে গিয়ে এরই মধ্যে প্রযোজক রনি স্ক্রুওয়ালা ৩০ কোটি রুপির বেশি খরচ করে ফেলেছেন।
এখন এ পুরো বিনিয়োগই শঙ্কায় পড়েছে।
মূলত পরিচালক আদিত্য ধরে সঙ্গে মতপার্থক্যেই ছবিটির কাজ স্থগিত করেছেন রনি।
ছবির বাজেট নির্ধারণ ও ক্রিয়েটিভ বিষয়াদি দেখার দায়িত্ব ছিল আদিত্যর।
বেশ অনেক অর্থ ঢালার পর রনি বুঝতে পারেন ছবির বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এ বাজেটের ছবি থেকে বিনিয়োগের অর্থ তুলে আনাটা কভিড মহামারী কেটে গেলেও অসম্ভব হবে।
শুরুতে অশ্বত্থামার জন্য বাজেট নির্দিষ্ট ছিল।
কিন্তু প্রি-প্রডাকশনের কাজ শুরু হওয়ার পর বাজেট বাড়তে শুরু করে।
বাজেট বৃদ্ধি পেতে পেতে এমন জায়গায় পৌঁছে যে প্রযোজক রনি স্ক্রুওয়ালা ৩০ কোটি রুপি খরচ করেও কাজ স্থগিত করার সিদ্ধান্ত নেন।
অবশ্য এ সিদ্ধান্ত নেয়ার আগে তিনি পরিচালক, বিনিয়োগকারী ও অভিনয় শিল্পীদের সঙ্গে আলোচনা করেছেন।
শোনা যাচ্ছে প্রযোজক রনি এখন চিত্রনাট্য বদলে খরচ কমানোর কথা ভাবছেন।
যদিও এতে কতটা কাজ হবে তা নিয়ে বলিউডের পর্যবেক্ষকরা সন্দিহান।
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক ছবিতে রনি স্ক্রুওয়ালা, ভিকি কৌশল ও আদিত্য ধর একসঙ্গে কাজ করেছিলেন।
সেই থেকে তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক।
কিন্তু এবার রনি আর আদিত্যের মতপার্থক্যই অশ্বত্থামার জন্য বিপদ ডেকে এনেছে।
উরি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল।
এ ত্রয়ী অশ্বত্থামায়ও সে রকম সাফল্য পাবেন বলে ধারণা ছিল সবার।
তবে আপাতত সে আশায় গুড়েবালি।
সূত্র: বলিউড হাঙ্গামা









