চলতি সপ্তাহেই এইচবিও ম্যাক্স থেকে সরানো হবে ৩৬টি প্রোগ্রাম। ডিসকভারি প্লাস প্লাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এইচবিও ম্যাক্সের মুখপাত্র। ২০২৩ সাল থেকে এইচবিও ম্যাক্স এবং ডিসকভারি প্লাস একত্রে যুক্তরাষ্ট্রে একটি সার্ভিস পরিচালনা করবে। ওয়ার্নার ব্রোসের ডিসকভারির অধীনেই থাকবে সেই প্লাটফর্মটি।
বিবৃতিতে এইচবিও ম্যাক্স জানিয়েছে, ‘যেহেতু আমরা একত্রে একটি প্লাটফর্মে আমাদের কনটেন্ট ক্যাটালগ আনার চেষ্টা করছি। তাই আমরা আমাদের কনটেন্টে কিছু পরিবর্তন আনব, এমন কিছু কনটেন্ট বানানো হবে যেগুলো এইচবিও ম্যাক্স এবং ডিসকভারি প্লাস দুটিতেই দেখানো যাবে। ফলে দুটি প্লাটফর্ম থেকেই কিছু না কিছু কনটেন্ট সরানো হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, ব্যবসায় কিছুটা অগ্রগতির লক্ষ্য থেকেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ দুটি প্রতিষ্ঠানই ব্যবসা আরো কার্যকর করতে এটাকেই একমাত্র পথ মনে করেছে। স্ট্রিমিং থেকে কম দেখা হয় এমন সব কনটেন্ট সরিয়ে নেয়ার ফলে ওয়ার্নার ব্রোসের ডিসকভারিও সেসব প্রোগ্রাম সরিয়ে টাকা বাঁচাতে পারবে। তবে ঠিক কখন থেকে এসব কনটেন্ট সরিয়ে নেয়া হবে তা জানানো হয়নি।
এর আগে গত সপ্তাহেও এইচবিও থেকে বেশকিছু কনটেন্ট সরানো হয়। তার মধ্যে ওয়ার্নার ব্রোসের বেশকিছু সিনেমাও
ছিল। এইচবিও থেকে সরানো হয় ‘ক্যাম্পিং’,
‘ভিনাইল’,
‘মিসেস ফ্লেচার’
ও ‘রান’-এর মতো কিছু টিভি শো। পাশাপাশি ২০টি অরিজিনাল এইচবিও ম্যাক্স শোও সরানো হবে এ প্লাটফর্ম থেকে। তার মধ্যে থাকবে টিনএজারদের জন্য নাটক, জেনারেশন, অ্যানিমেটেড অ্যান্থলজি সিরিজ ‘ইনফিনিটি ট্রেইন’,
হলিডে-থিমড রিয়ালিটি ডেটিং শো ‘১২ ডেটস অব ক্রিসমাস’
এবং ‘সিসেম স্ট্রিট’। এর পাশাপাশি ‘দ্য নট টু লেট শো উইথ এলমো’ও সরানো হবে। তবে পরবর্তী সময়ে এগুলো ডিভিডি বা ভাড়া নেয়া সেবায় থাকবে কিনা তা এখনোও নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: ভ্যারাইটি










