আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী নাসরিন জাহান অনিকার একক শিল্পকর্ম প্রদর্শনী। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোম’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাশা ডেনিমস লিমিটেডের পরিচালক জারিন মাহমুদ হোসেন, শিল্প সমালোচক মঈনুদ্দিন খালেদ ও শিল্পী মনিরুল ইসলাম।

শিল্পী নাসরিন জাহান অনিকা কিংবদন্তি চিত্রশিল্পী মনিরুল ইসলামের কাজ দিয়ে গভীরভাবে অনুপ্রাণিত। তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রিন্টমেকিং বিভাগ থেকে। নাসরিন জাহান অনিকা জানান, এ প্রদর্শনীর শিল্পকর্মগুলোর মাধ্যমে তিনি তার প্রাত্যহিক জীবনের অভ্যাস, রুটিন, ক্লান্তি, নিরাপত্তা ও বন্দিত্ব উপস্থাপন করেছেন। তার ছবিগুলোর মধ্যে দৈনন্দিন জীবনে ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, গৃহস্থালি স্থাপত্য দেখা যায়।

প্রদর্শনীটি প্রসঙ্গে শিল্পী অনিকা বলেন, ‘আমি স্বদৃষ্টিভঙ্গির মাধ্যমে গৃহাভ্যন্তরের জীবনযাত্রাকে সৃজনশীল ও সমালোচনামূলকভাবে অন্বেষণ করেছি। আমি মনে করি এ ছবিগুলোর দিকে তাকালে অনুধাবন করা যায়, সেই দৈনন্দিন জিনিসগুলোও বেশ অদ্ভুত এবং যদি সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়, তবে তা অপরিচিত ভাবনা ও বাস্তবতার দিকে নিয়ে যায়। আপাতদৃষ্টিতে সরল জীবনানুষঙ্গিক এ উপকরণগুলোর সঙ্গে গভীরভাবে একটি আত্মিক সম্পর্ক অনুভব করি আমি। নির্জনতায় যাপিত জীবনে শিল্পীর কাছে তারা আত্মীয়সম।’ 

শিল্পী কাগজ, ক্যানভাসের পাশাপাশি মাটির পাত্র ও কাঠের কাজের মাধ্যমে প্রতিদিনের জীবনযাত্রার আবেগ ফুটিয়ে তুলেছেন তার শিল্পকর্মগুলোয়। প্রদর্শনীটি চলবে ১২ মার্চ পর্যন্ত। সোমবার থেকে শনিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।