সময়ের সঙ্গে বদলে যাচ্ছে পেশা। নতুন নতুন পেশা তৈরি করছে মানুষ। সে রকমই একটি গল্পের সন্ধান পাওয়া যাচ্ছে ইমরাউল রাফাতের নাটকে। ভিন্ন দুই চরিত্র ও তাদের কাজের সূত্রে একই জায়গায় এসে পড়তে হয়। তা নিয়েই নাটক ম্যাচমেকার। 

গল্পে বিখ্যাত ঘটক শাকিল ভাইয়ের মেয়ে মুনতাহা। বাবার পথ ধরে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে ম্যাচমেকার নামে ম্যারেজ অ্যাপ খোলে সে। এর মাধ্যমে বিবাহপ্রত্যাশী দুটি হৃদয়ের মেলবন্ধন ঘটানো হয়। অন্যদিকে ইফতেখারের একটি ইনভেস্টিগেশন ফার্ম আছে। যেখানে বিয়ের আগে কেউ চাইলে হবু বউ বা হবু জামাইয়ের অতীত সম্পর্কে খোঁজখবর নিতে পারে। ইফতেখার আর তার টিম খুবই দক্ষতার সঙ্গে তদন্ত করে নিখুঁত রিপোর্ট প্রদান করে।

এমন দুটি মজার পেশা ও চরিত্র নিয়ে ম্যাচমেকার নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে মুনতাহা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা ও ইফতেখার চরিত্রে তৌসিফ মাহবুব। বিভিন্ন চরিত্রে আরো আছেন শেহজাদ ওমর, শাহবাজ সানী, রিসা চৌধুরী, শহীদুল্লাহ সবুজ, যাকি আহমেদ যারিফ প্রমুখ।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘রোমান্টিক ঘরানার এ গল্পে আমি তুলে এনেছি ভিন্ন ধারার দুই পেশার দুজন মানুষের মেলবন্ধন। যাদের কাজের ধরন আলাদা হলেও বিয়ে ভাঙা ও গড়ার ক্ষেত্রে দুজনের প্রতিষ্ঠানেরই প্রভাব রয়েছে। নাটকে দুজনের মধ্যকার সম্পর্ক গড়ে ওঠে একটি বিয়ে ভাঙার মধ্য দিয়ে। নিহার একটি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায় তৌসিফের নেতিবাচক রিপোর্টের কারণে। এরপর ঘটতে থাকে দুটো প্রতিষ্ঠান, দুজন ব্যক্তি ও একটি বিয়েকে কেন্দ্র করে দারুণ সব ঘটনা।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ম্যাচমেকার এ ঈদে তাদের অন্যতম বিশেষ চমক, যা ঈদ আয়োজনে প্রকাশ হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।