বাংলা গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী, যিনি পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষী মানুষের মন কেড়ে নিয়েছেন অনেক আগেই। সেই নচিকেতা এলেন বাংলাদেশে গাইতে। তবে এবার অন্য রকম গানে-আয়োজনে। বাংলা গানের হাওয়া বদলের কারিগর তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে নতুন গানে কণ্ঠ দিলেন তিনি। মঙ্গলবার গান-গল্প আড্ডার মাঝেই গানের রেকর্ডিং অনুষ্ঠিত হয়। গানটিতে ব্যবহৃত হয়েছে নচিকেতার একটি কবিতাও।

তাকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত তাপস। অন্যদিকে তাপসের সঙ্গে গান-আড্ডায় মেতে উঠেছেন নচিকেতাও। তিনি বলেন, ‘‌আমি আসার আগে তাপসের ‘‌‘‌উইন্ড অব চেঞ্জ’’-এর কাজগুলো দেখেছি। আমি অভিভূত। বাংলা ভাষার গানগুলোকে নতুন করে প্রাণ দিয়েছে সে। সাক্ষাতে এসে মনে হয়েছে—অনেক শিল্পীর সঙ্গেই সংগীত করেছি, থেকেছিও, কিন্তু তাপসের মতো এ রকম এনার্জিটিক লোক আমি ৪৫ বছর আগে দেখেছিলাম। তখন যাকে দেখেছিলাম, সে হলো আয়নায় (নিজেকে)। তারপর এ ছেলেকে দেখছি।’

গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘‌এরই মধ্যে একটা গান তৈরি হয়েছে। গানটার মধ্যে আমার একটা কবিতাও গেল। আমি যে ধরনের গান সচরাচর গেয়ে থাকি এটি তেমন নয়। গানটা একদমই অন্য রকম। এটি আপনাদের শুনতে হবে।’ 

এ নিয়ে তাপস বলেন, ‘‌স্বপ্নটা সত্যি হচ্ছে। আমি নচিকেতার দারুণ ভক্ত। তার গান বাংলা গানকে সমৃদ্ধ করেছে, আমার মতো বহু তাপসকে, এমনকি যারা বাংলা গানকে ভালোবাসে তাদের হয়তো বাঁচিয়ে রেখেছে তার গানের একটি কথা। নচিকেতাকে পেয়ে কে কী করেছে জানি না, আমি কী করতে চাই, তা আসলে কাজের মধ্য দিয়েই প্রকাশ হোক। তিনি যদি আমার গানকে গ্রহণ করেন, তাহলে একসঙ্গে আরো অনেক কিছু করার প্রত্যাশা রাখছি।’ গানবাংলা থেকে জানানো হয়েছে, নচিকেতার কণ্ঠে এক বা একাধিক গানের এ নতুন চমক শিগগিরই মিউজিক ভিডিও আকারে প্রকাশ হতে যাচ্ছে টিএম রেকর্ডসের ব্যানারে।