ছোটবেলা থেকে সংগীতের সঙ্গ পথচলা শুরু জেফার রহমানের। পরে যোগ দেন অভিনয়েও। গান, সুর, অভিনয় তিন ক্ষেত্রেই নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন তিনি। অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন দর্শকের পরিচিত মুখ। প্লেব্যাক থেকে মৌলিক গান প্রতিটি কাজেই থাকে তার নিজস্ব ছাপ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জেফার জানালেন তার মন খারাপের কথা। প্রায় তিন মিনিটের সে বার্তায় তিনি জানান, অনেকেই তাকে শুধুই গায়িকা মনে করেন, কিন্তু একটি গান তৈরির পেছনে তিনি কত ধাপের কাজ করেন, সেটা বেশির ভাগ মানুষ জানে না।
জেফার জানান, তিনি শুধু কণ্ঠ দেন না; গান লেখা, সুর করা, মিউজিক প্রডাকশন, পরিকল্পনা, ভিডিও সব ক্ষেত্রেই তিনি সক্রিয়ভাবে জড়িত। তার নিজের গানের বেশির ভাগ সুরও তারই। এত পরিশ্রমের পর গান প্রকাশ হলে যখন কেউ কাজের প্রকৃত অবদান বোঝে না, তখন তা তাকে কষ্ট দেয়। সাম্প্রতিক সময়ে সে হতাশা আরো বেড়েছে বলেও তিনি জানান।
তিনি আরো বলেন, ‘প্রশংসার পাশাপাশি সমালোচনাও আসে, যা স্বাভাবিক। কিন্তু যখন মানুষ শিল্পীর খাটুনি ও সৃষ্টিশীল শ্রমকে গুরুত্ব দেয় না, তখন তা মনকে ভেঙে দেয়। সে কারণে এবার তিনি কথা বলার প্রয়োজন অনুভব করেছেন।’
বার্তার শেষে জেফার সবাইকে শিল্পীদের, বিশেষ করে নারী শিল্পীদের পাশে থাকার অনুরোধ করেন। তিনি জানান, সামাজিক নানা বাধা পেরিয়ে নারী শিল্পীদের কাজ করতে হয়, আর সামান্য সমর্থনও তাদের উৎসাহ বাড়িয়ে দেয়।










