ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ফুয়াদ চৌধুরী পরিচালিত সিনেমা ‘মেঘনা কন্যা’। ৮ মার্চ নারী দিবসে সিনেমাটির টিজার প্রকাশ করা হয়েছে। ১‌ মিনিট ৭ সেকেন্ডের টিজারে ঘুরেফিরে উঠে এসেছে দুজন আলাদা শ্রেণী ও জায়গার নারীর গল্পের আবহ। নিষিদ্ধপল্লীর অন্ধকার জগতের মানুষের পাশাপাশি মেঘনা কন্যার টিজারে আছে শহুরে নারীর অসহায়ত্বের গল্পের ইঙ্গিতও।

সিনেমাটি নিয়ে নির্মাতা ফুয়াদ চৌধুরী বলেন, ‘নারী পাচারের মতো একটি কঠিন বিষয়ের সঙ্গে গ্রামীণ পটভূমিতে বলা সিনেমাটির গল্পে রয়েছে দর্শকের জন্য পর্যাপ্ত বিনোদন। ঈদের উৎসবমুখর আবহে তাই মেঘনা কন্যা দর্শকপ্রিয়তা পাওয়ার মতো সব উপাদান নিয়েই আসছে বড় পর্দায়।’

আনোয়ার আজাদ ফিল্মস ও এসজে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটির সহযোগিতায় আছে সুইজারল্যান্ড এবং টেলিভিশন পার্টনার দীপ্ত টিভি। মেঘনা কন্যা সিনেমাটি নারী চরিত্রকে প্রাধান্য দিয়ে লেখা হয়েছে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সিনেমায় নওশাবাকে হাসু নামের একটি চরিত্রে দেখা যাবে। শুটিং চলাকালে কাজী নওশাবা আহমেদ সিনেমাটির গল্প নিয়ে বলেন, ‘এমন একটি গল্পে আমি আগে কখনো অভিনয় করিনি। কেবল তাই নয়, এবারই প্রথম নারীকেন্দ্রিক গল্পে কাজ করা হলো।’

সিনেমাটির গল্প নিয়ে ফুয়াদ চৌধুরী বলেন, ‘ডকুফিকশনের কাজ করতে গিয়ে বিভিন্ন গল্পের মুখোমুখি হয়েছি। এর কিছু গল্প পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়া তুলে ধরা সম্ভব নয়। আমাদের মেঘনা কন্যা তেমনই একটা গল্প।’ মেঘনা কন্যার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সাজ্জাদ হোসেইনসহ অনেকে। সংগীতায়োজনে রয়েছেন চিরকুটখ্যাত সুমী।