বিশ শতকের সর্বশেষ মডার্নিস্ট জ্যঁ লুক গদার মারা গিয়েছেন। তিনি অসাধারণ মেধাসম্পন্ন একজন শিল্পী হিসেবে বিবেচিত। একই সঙ্গে যেন তিনি সমাজবিচ্ছিন্ন এক নেতা। গদার এমন এক নায়ক, যাকে পূজার বেদিতে বসানো হয়েছিল, কিন্তু পরে অবহেলা করে দূরে সরিয়ে রাখা হয়েছিল। অবিশ্বাস্য রকম বিদ্রুপের শিকার হতে হয়েছিল তাকে। মানুষের এমন ব্যবহারে হতবাক গদার। কিন্তু সিনেমায় তার প্রভাব এতটুকুও কমেনি। হলিউডসহ তাবৎ ফিল্ম মেকারদের ফ্রেঞ্চ নিউ ওয়েভ আন্দোলিত করেছিল। তার প্রবর্তিত বিরল পরীক্ষামূলক পদ্ধতি আজ ভিডিও আর্টে বহুল চর্চিত।

১৯৬০ সালে ‘আ বু দো সুফল’ বা ব্রেথলেস সিনেমার মাধ্যমে গদার বিশ্ব সিনেমার পরিমণ্ডলে নক্ষত্ররূপে জ্বলে উঠেছেন। হলিউড নায়িকা জঁ সিবের্গ তার এ সিনেমায় প্যারিসে এক আমেরিকান যুবতীর চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার সঙ্গে সম্পর্কে থাকা চরিত্রে অভিনয় করেছেন জঁ পল বেলমোঁদো নামক ফরাসি অভিনেতা। এ সিনেমায় তিনি প্রচলিত সব নিয়ম ভেঙেছেন। অবাস্তব বিষয়ের অবতারণা, খাপছাড়া সংলাপ, নন-ন্যারেটিভ ভ্রমণ, জাম্পকাট প্রভৃতি বিষয়ের প্রয়োগ ঘটিয়েছেন।

চলচ্চিত্রে নিয়ে আসতে পারতেন বিবিধ বিষয়। তার সিনেমা বহু ইঙ্গিতপূর্ণ। তিনি রুচিশীলতা ও সময়ের প্রতীক। ফিল্মের যেকোনো চরিত্রের রোল ধরে রেখে তা বেশ আইকনিক উপায়ে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার কোনো জুড়ি নেই। যৌন নৈতিকতা, ঘনিষ্ঠতা ও প্রেমের বেদনাদায়ক বিষয়কে উপজীব্য করে তিনি সিনেমা নির্মাণ করেছেন ঠিকই, কিন্তু এর সঙ্গে জুড়ে দিয়েছেন রাজনীতির আলোচনা। ব্যান্ড অব আউটসাইডারস (১৯৬৪) ও টু অর থ্রি থিংস আই নো অ্যাবাউট হার (১৯৬৭) নামের দুটো সিনেমা তার শিল্পকুশলতা ও স্টাইলের অনবদ্য রূপান্তর।

কিন্তু গদার নির্মিত ইউন ফাম মারিয়ে (১৯৬৪) বা বিবাহিত মহিলা ছবিটি তার অনেক ভক্তের খুব পছন্দের। মাশা মেরিল সুন্দরী বিবাহিত তরুণী শার্লট চরিত্রে অভিনয় করেছেন। উত্তেজনায় ভরপুর সিনেমাটিতে এক ভবঘুরে ব্যক্তি পুরো প্যারিসে দাপিয়ে বেড়িয়েছেন। তার ভ্রমণের মধ্য দিয়ে এসেছে প্যারিস। এমনকি শার্লট চরিত্রটি কী ভাবছে তাও সাবটাইটেলে যুক্ত করেছেন তিনি।

পিয়োরো লো ফু (১৯৬৫) সিনেমাটিও বিস্ময়কর রকমের ভিন্ন ও প্রায় অসংলগ্ন বিষয়ের ওপর নির্মাণ করা হয়েছে। এর অ্যাকশন হাস্যরসে করা হয়েছে এবং তাতে হলিউডের ম্যালোড্রামার শিশুসুলভ আচরণকে ব্যঙ্গ করা হয়েছে। ফলে উসকে দেয়া হয়েছে বুদ্ধিভিত্তিক দীর্ঘ এক বিতর্ককে। সিনেমা নির্মাতাদের মধ্যে তিনি ব্যতিক্রম ছিলেন। পরিচালকের পাশাপাশি তিনি ছিলেন তাত্ত্বিক, সমালোচক ও নিরীক্ষাধর্মী। সিনেমা কী এবং এর অর্থই-বা কী, এগুলো নিয়ে তার ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু মজার ব্যাপার শৈশবে তিনি সিনেমাকে শিল্পের মাধ্যম হিসেবে বিবেচনা করেননি। বরং সিনেমার যুগ শেষ হয়ে গিয়েছে এমন ছিল তার মনোভাব। এক্ষেত্রে তার তুলনা করা যায় সাহিত্য সমালোচক জর্জ স্টাইনারের সঙ্গে। স্টাইনারও বলতেন, ট্র্যাজেডি মৃত, জার্মান ভাষা মৃত। ‘সিনেমা মারা গেছে’ কথাটি গদার উসকানি দিতেই প্রচার করতেন। এর মাধ্যমে সিনেমার বর্ধনশীল নির্মাণকে থামিয়ে দেয়া সম্ভব হয়নি। গদার যেন রহস্যময় সে ব্যক্তি, যিনি ফিল্ম নয় সিনেমা তৈরি করতে চেয়েছেন। শব্দ ও ছবিকে চতুর্থ সীমানায় স্ক্রিনের বাইরে পাঠিয়ে দিয়ে তিনি তার সিনেমা নির্মাণ করতে চেয়েছেন। অদ্রে বাজেঁর ম্যাগাজিন কাইয়ে দু সিনেমা দিয়ে তিনি প্রভাবিত ছিলেন। এটি নিয়ে বিভিন্ন সমালোচনা এ ম্যাগাজিনে প্রকাশ হতো, যার মাধ্যমেই মূলত গদারের সিনেমাতাত্ত্বিক হিসেবে বেড়ে ওঠা। ফলেই তার হাতে নিউ ওয়েভ মুভমেন্ট প্রতিষ্ঠা পেয়েছে। এ মুভমেন্টের মূল কথা ছিল সিনেমার সমালোচনা করার অর্থ তাতে সিদ্ধান্তমূলক হস্তক্ষেপ করা এবং জীবনের ওপর হস্তক্ষেপ করার নাম সিনেমা তৈরি করা।

গদার ছিলেন অপ্রতিরোধ্য। তার গুডবাই টু ল্যাংগুয়েজ তাত্ত্বিকভাবে একটি বিতর্কিত এবং একই সঙ্গে রহস্যময় সিনেমা। থ্রিডির এমন প্রাণবন্ত ব্যবহার কম সিনেমায় দেখা যায়। আমেরিকার সমালোচকরা একে ২০১৪-এর শ্রেষ্ঠ সিনেমা বলেছেন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা সোশ্যালিজমকে মনে করা হয় ছবি ও ধারণার অনন্য এক কোলাজ। একটি ক্রুজে এ সিনেমার অধিকাংশ ধারণ করা হয়েছে, যাতে ছুটির দিনের মানুষকে রাষ্ট্রহীন ও বিচ্ছিন্ন হিসেবে দেখানো হয়েছে। সিনেমায় সমাজতন্ত্র সম্পর্কে গদার বক্তব্য চিন্তার উদ্রেক করবে।

সিনেমার ইতিহাসে অনেক কিছুই রহস্যময়। যেমন রহস্যময় গদার নিজে। গদারের মতো কেউ নেই, কিংবা ছিলও না। কিন্তু তার সিনেমাই বলবে, তিনি ছিলেন ও থাকবেন।

 

দ্য গার্ডিয়ান থেকে অনুবাদ

   ইসফানদিয়র আরিওন