লি মিলারের জীবনীনির্ভর সিনেমায় অভিনয় করছেন কেট উইন্সলেট। ১৯৮৫ সালে প্রকাশিত অ্যান্টনি পেনরোজের বই ‘‌দ্য লাইবস অব লি মিলার’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন এলেন কুরাস। এ সিনেমায় ফটোগ্রাফার ও মডেল লি মিলারের চরিত্রে অভিনয় করছেন কেট। সিনেমায় আনা হয়েছে লির জীবন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ভূমিকা। বিশের দশকের মডেল, পরবর্তী সময়ে ফ্যাশন ফটোগ্রাফার ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছিলেন ভোগ ম্যাগাজিনের ওয়ার করেসপনডেন্ট। এটি এমন এক চরিত্র, যাকে সিনেমায় আনার ক্ষেত্রে যেন কেট উইন্সলেটই একমাত্র পছন্দ হতে পারেন কোনো পরিচালকের। এলেন কুরাসও সেটাই করেছেন। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হলো সিনেমাটির, আর ধারণা করা হচ্ছে অস্কার প্রত্যাশীর তালিকার ওপরের দিকে থাকবে ‘‌লি’। কেট উইন্সলেট প্রস্তুতি নিচ্ছেন তাই অস্কারের।

শনিবার টরন্টো ইন্টারন্যাশাল ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রদর্শনী হয় রয় থমসন হল থিয়েটারে। উপস্থিত দর্শকদের এ সিনেমা সরাসরি নিয়ে গিয়েছিল যুদ্ধের ময়দানে। কেননা সেভিং প্রাইভেট রায়ানের পর এ সিনেমার সূচনা হয়েছে যুদ্ধদৃশ্যের মাধ্যমে। লির জীবনের দুই ধাপ দুই রকম হওয়ার কারণে এতে এসেছে নাটকীয় কিছু পরিবর্তন। ফলে সিনেমা হিসেবে লি হয়ে উঠেছে অন্য রকম। এ কারণেই ধারণা করা হচ্ছে অস্কারের জন্য তালিকার শুরুর দিকেই থাকবে লি।

কেট উইন্সলেটের জন্যও এ সিনেমা বিশেষ। কেননা ৪৭ বছর বয়সী কেটের শেষ সিনেমা এসেছিল তিন বছর আগে। এরপর তিনি কণ্ঠ দেয়ার পাশাপাশি টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন। সিনেমাটির মাধ্যমে নতুন করে ফিরছেন কেট। এছাড়া এ বছর মুক্তি পেয়েছে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধকেন্দ্রিক সিনেমার মধ্যে একটি লড়াই হয়ে যাবে। সেদিক থেকে বলা যায়, কৌতূহলোদ্দীপক একটা পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে এ সিনেমার মাধ্যমে।

সূত্র: ভ্যারাইটি