কোক স্টুডিও বাংলার অফিশিয়াল মিউজিক স্ট্রিমিং পার্টনার হিসেবে যুক্ত হলো স্পটিফাই। এ পার্টনারশিপের ফলে বাংলাদেশে আয়োজিত ‘‌ কোক স্টুডিও বাংলা’র সব গান স্পটিফাইতেও শোনা যাবে। কেবল বাংলাদেশের শ্রোতাই নন, স্পটিফাইয়ের সাড়ে উনিশ কোটি সাবস্ক্রাইবারের পাশাপাশি ৪৫ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে কোক স্টুডিও বাংলার গান। অ্যাপটিতে এখন থেকেই প্রথম সিজনের গান স্ট্রিম করা যাবে। ফ্রি ও প্রিমিয়াম ব্যবহারকারীরা তাদের মোবাইল ও ডেস্কটপ থেকে এ সুবিধা পাবেন। দ্বিতীয় সিজন আসা মাত্রই সে সিজনের গানও যুক্ত হবে।

স্পটিফাইয়ের সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক তা জি তুং বলেন, ‘‌স্পটিফাইয়ের সঙ্গে এ পার্টনারশিপ গোটা পৃথিবীর সংগীতপ্রেমীদের জন্য একটি সুসংবাদ। এখন স্পটিফাই অ্যাকাউন্ট থাকলে খুব সহজে আমাদের গান শোনা যাবে। এ পার্টনারশিপ আসন্ন সিজনকে আরো উপভোগ্য করে তুলবে বলে আশা করি।’ কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান ছিল। এখন পরবর্তী সিজনের আয়োজনে ব্যস্ত রয়েছেন সংশ্লিষ্টরা।

স্পটিফাইয়ের সঙ্গে যুক্ত হওয়া ও দ্বিতীয় সিজন নিয়ে সংগীতায়োজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, ‘‌সাধারণ মানুষ, বিশেষত তরুণরা কোক স্টুডিও নিয়ে দারুণ সাড়া দেখিয়েছে। সোশ্যাল মিডিয়ায় আমরা নাচ ও গানের কাভার ও ফ্যান আর্ট পেয়েছি। দেড় হাজারের বেশি রিভিউও পেয়েছি। এখন আমরা দ্বিতীয় সিজন নিয়ে পরিকল্পনা করছি। এ সময় স্পটিফাইয়ের মতো একটি অডিও প্লাটফর্মকে আমাদের পাশে পাওয়া একটি দারুণ ব্যাপার।’