অভিনেতা ম্যাথু পেরির বাড়িটি বিক্রি হয়েছে। তিনি প্যাসিফিক প্যালিসেড হোমের এ বাড়িতেই মারা যান। বাড়িটি কিনেছেন অনিতা বর্মা-ল্যালিয়েন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত রিয়েল এস্টেট ডেভেলপার ও চলচ্চিত্র প্রযোজক। বাড়িটি কিনতে তিনি খরচ করেছেন ৮৫ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০১ কোটি ৫০ লাখ টাকা।

বাড়িটি কেনার পাশাপাশি সেখানে একটি অনুষ্ঠান করেছেন অনিতা। তবে কোনো আনন্দ-উৎসব নয়, তিনি একটি পূজার আয়োজন করেন। দীপাবলির সময় এ পূজার আয়োজন করা হয় এবং এর মাধ্যমে পেরির আত্মার শান্তি কামনা করা হয়েছে। সেই সঙ্গে পেরিকে সম্মানও জানিয়েছেন অনিতা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনিতা লেখেন, ‘খুবই আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা এ মাসে লস অ্যাঞ্জেলেসে একটি বাড়ি কিনেছি। বাড়িতে ঢুকেই এর নির্মাণশৈলীতে মুগ্ধ হই। বিশেষত প্রশান্ত মহাসাগরের দৃশ্য আমাকে অভিভূত করেছিল। সে সময়ই মনে হয়েছে, এমন কিছু খুঁজছিলাম এবং বাড়িটা আমি কিনতে চাই।’

পেরির পুলের পাশেই পূজা সম্পাদন করেছেন অনিতা। বেশকিছু ছবিও পোস্ট করেছেন। এ নিয়ে তিনি লিখেছেন, ‘প্রতিটি বাড়িরই একটা ইতিহাস থাকে। একজন রিয়েল এস্টেট ডেভেলপার হিসেবে আমি বিশ্বাস করি, সে ইতিহাস না জানলেও এটা জানি মালিকের স্মৃতি জড়িত থাকে সেখানে। একজন হিন্দু হিসেবে আমি চিন্তা করেছি, এখানে একটা পূজা করা উচিত। সে কারণেই অ্যারিজোনা থেকে একজন পণ্ডিতকে এনে পূজা করিয়েছি।’ অভিনেতা ম্যাথু পেরিকে ভালোই চিনতেন অনিতা। তার সম্পর্কে বলেন, ‘বাড়ির পুরনো মালিক ম্যাথু একজন অসাধারণ অভিনেতা ছিলেন। বহু মানুষকে তিনি নিজের অভিনয় দিয়ে আনন্দিত করেছেন।’

কিছু পরিবর্তন করা হবে বাড়ির। আবার পেরির সম্মানে অনেক কিছু আগের মতোই রাখা হবে। অনিতা লিখেছেন, ‘বাড়ির ভূতপূর্ব মালিকের সম্মানে কিছু জিনিস অপরিবর্তিত রাখা হবে।’

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস