নানা বিতর্কের পর প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা ‘হেরা ফেরি’র তিন তারকা অক্ষয় কুমার, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালকে এক করতে
পেরেছেন। নির্মিত হচ্ছে সিরিজের তৃতীয় কিস্তি। তবে অবাক করা তথ্য দিল বলিউড হাঙ্গামা।
এ সিনেমাকে নাকি বলা হচ্ছে ‘হেরা ফেরি ৪’।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়,
যদিও এটি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি, তবে সিনেমাটিকে ‘হেরা ফেরি ৩’ বলা হবে না। এর
পরিবর্তে নির্মাতারা ‘হেরা ফেরি ৪’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ নাম সিনেমার গল্প অনুসারে
ঠিকঠাক। দর্শক যখন দেখবেন, তারা বুঝতে পারবেন কেন এই সিদ্ধান্ত।
খবর রটেছে গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ‘হেরা
ফেরি ৪’-এর শুটিং শুরু হয়েছে। যা পুরোপুরি ঠিক নয়। বরং অক্ষয় কুমার, সুনীল শেঠি ও
পরেশ রাওয়াল এদিন প্রোমোর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। চূড়ান্ত পর্বের জন্য শুটিং
ফ্লোরে যেতে এখনো ১-২ মাস বাকি।
ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমার জন্য শুরুতে
রাজি ছিলেন না অক্ষয় কুমার। তার বদলে কার্তিক আরিয়ানকে চুক্তিবদ্ধ করানোর খবরে বেশ
বিতর্ক উঠে।
তখন অক্ষয় এক অনুষ্ঠানে জানান, চিত্রনাট্য
পছন্দ না হওয়ায় ছবিটি না করার সিদ্ধান্ত নেন। এখন সব বিরোধ মিটিয়ে ফিরোজ নাদিয়াদওয়ালা
ও অক্ষয় কুমার একসঙ্গে কাজ করছেন।
মূল ‘হেরা ফেরি’ মুক্তি পায় ২০০০ সালে। লোভী
এক বাড়িওয়ালা ও দুই ভাড়াটের গল্প তুলে ধরেন প্রিয়দর্শন। নীরজ ভোরা পরিচালিত সিক্যুয়েল
‘ফির হেরা ফেরি’ আসে ২০০৬ সালে। সেখানেও আগের ছকে এগোয় চরিত্রগুলো।










