মিজানুর রহমান আরিয়ান সাধারণত ভালোবাসার গল্পেই কাজ করেন। সে ধারাবাহিকতায় এসেছে তার নাটক ও ওয়েব ফিল্ম। সম্প্রতি নতুন একটি কাজের ঘোষণা দিলেন আরিয়ান। এতে তার পরিচালনায় অভিনয় করবেন পরীমণি ও এবিএম সুমন। মিজানুর রহমান আরিয়ান তার এ নতুন জুটিকে নিয়ে নির্মাণ করবেন একটি রোমান্টিক ড্রামা। সিনেমা হতে যাচ্ছে না, ওয়েব ফিল্ম হতে পারে। তবে শর্টফিল্ম হওয়ার সম্ভাবনা বেশি। এ নিয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নির্মাতা। তবে জানিয়েছেন, এ কনটেন্টের নাম হতে যাচ্ছে ‘বুকিং’। নির্মাতা জানিয়েছেন, একটি ফিল গুড লাভ স্টোরি নিয়ে আসছেন তিনি।
ভালোবাসা দিবসকে সামনে রেখে বরাবরই নির্মিত হয় নাটক। একটা সময় ভালোবাসা দিবসে একাধিক সিনেমা নিয়ে আসত টেলিভিশন চ্যানেলগুলো। ওটিটি এখন সে কাজ করতে যাচ্ছে। সে ধারাবাহিকতায়ই বঙ্গ অ্যাপে আসছে ‘লাভ স্টোরিজ’ ট্যাগলাইনে কয়েকটি শর্টফিল্ম। অ্যান্থোলজির কথাই বলছে বঙ্গ। তাদের সে অ্যান্থোলজিরই অংশ হতে যাচ্ছে আরিয়ানের ‘বুকিং’।
এ নিয়ে বঙ্গ বিডির পক্ষ থেকে জানানো হয়েছে বছরজুড়ে নানা উৎসবে দর্শককে নতুন ধারার কনটেন্ট উপহার দিতে চান তারা। ব্যতিক্রমী সে আয়োজনের একটি হতে যাচ্ছে লাভ স্টোরিজ।
মিজানুর রহমান আরিয়ান ভালোবাসা দিবসকে কেন্দ্র করে গত বছরগুলোয় নিয়মিত নাটক উপহার দিয়েছেন। এবার তিনি জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে আনছেন তার গল্পে। পাশাপাশি এবিএম সুমনও মাসুদ রানা চরিত্রে অভিনয় করার পর দর্শকের কাছে আরো প্রিয় হয়ে উঠেছেন। তবে এ দুই শিল্পীকে একত্রে পর্দায় আগে কখনো দেখা যায়নি। সে হিসেবে একদম নতুন একটি জুটিই নিয়ে আসছেন মিজানুর রহমান আরিয়ান। এ জুটির রসায়ন দর্শকের ভালো লাগবে বলে মনে করছেন সবাই।










