লস অ্যাঞ্জেলেসে গতকাল সোমবার বসেছিল এমি অ্যাওয়ার্ডসের ৭৪তম আসর। টেলিভিশন জগতের শীর্ষ এই পুরস্কারে এবার চমক দেখিয়েছে পুরোনো দুটি সিরিজ। দ্বিতীয়বারের মতো নিজেদের ঝুলিতে সেরার পুরস্কার তুলে নিয়েছে ‘সাকশেসন’ ও ‘টেড লাসো’। খবর রয়টার্স।

ক্ষমতা ও সম্পত্তি নিয়ে এক প্রভাবশালী পরিবারের অভ্যন্তরীণ টানাপোড়েনের গল্প ‘সাকসেশন’। এইচবিওয়ের ব্যানারে মুক্তি পাওয়া এই সিরিজ ২০২০ সালের শুরুতেই দ্বিতীয় সিজনের জন্য এমি অ্যাওয়ার্ড জিতেছিল। কভিড-১৯ মহামারীর কারণে প্রচার বিঘ্নিত হলেও ঘুরে দাঁড়ায় অল্প সময়েই। তৃতীয় সিজনে এমি জিতে নেয়া সেটাই প্রমাণ করে।

অন্যদিকে কমেডি সিরিজ ‘টেড লাসো’ রিলিজ হয়েছে অ্যাপল টিভি প্লাসের ব্যানারে। একজন মার্কিন ফুটবল কোচের ব্রিটিশ দলের দায়িত্ব নেয়ার গল্প এটি। ২০২০ সালে সিরিজের প্রথম সিজন এমি তুলেছিল নিজেদের ঘরে। দ্বিতীয় সিজনেও চমক দেখিয়ে দিল। আর দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ কমেডি অভিনেতা হিসেবে জ্যাসন সুদাইকিস এবং সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইন জিতেছেন পুরস্কার।

জ্যাসি আর্মস্ট্রংয়ের হাতে নির্মিত সাকশেসনে প্রধান চরিত্রে আছেন হিয়াম আব্বাস, নিকোলাস ব্রাউন, ব্রায়ান কক্স ও কিরান কালকিন। অন্যদিকে এনবিসি স্পোর্টসের চরিত্র অবলম্বনে নির্মিত টেড লাসো। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জ্যাসন সুদাইকিস, ব্রেট গোল্ডস্টেইন, বিল লরেন্স ও ব্র্যান্ডন হান্ট।    

বহুল প্রতীক্ষিত এমি অ্যাওয়ার্ডের এই আসরে আউটস্ট্যান্ডিং লিমিটেড সিরিজ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ‘দ্য হোয়াইট লোটাস’। আউটস্ট্যান্ডিং লিড অ্যাক্টরে নাম লিখিয়েছেন ‘স্কুইড গেইম’ সিরিজের লি জাং জি।  

সেরা ড্রামা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ‘ইউফোরিয়া’ তারকা জেন্ডায়া ও ‘হ্যাকসের’ জিন স্মার্ট হয়েছে সেরা অভিনেত্রী। একই বিভাগেই তারা দ্বিতীয়বার পুরস্কার পেলেন।

সোমবার রাতে পুরস্কারের মঞ্চে বেশি শোনা গেছে ‘দ্য হোয়াইট লোটাসের’ নাম। সেরা লিমিটেড সিরিজ ও সেরা অভিনয়শিল্পী জেনিফার কোলরিস ও মুর বার্টলেটসহ মোট ১০টি পুরস্কার জিতেছে। সব মিলিয়ে এ আসরে ৩৮টি পুরস্কার নিয়ে এগিয়ে আছে এইচবিও।

অন্যান্য পুরস্কারজয়ীদের মাঝে আছেন মাইকেল কিটন। তাকে দেখা গেছে ‘ডোপসিক’ লিমিটেড সিরিজে।