দেশের প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। নাট্যাচার্য সেলিম আল দীনের ১৬তম প্রয়াণবার্ষিকী আগামীকাল। এ উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল আজ ও আগামীকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব’। উৎসবে থাকবে ‘চিত্রাঙ্গদা’ ও ‘ম্যাকবেথ’ নাটকের দুটি করে প্রদর্শনী। প্রযোজনা দুটির নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এছাড়া থাকছে স্মরণ-শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতি সহকারে শিল্পকলা চত্বর সজ্জা, নাট্যাচার্যকে নিয়ে আলোচনাসহ নানা আয়োজন।

নাট্যাচার্যকে নিয়ে স্বপ্নদলের নিয়মিত উৎসবের ২৯তম এ আসরের স্লোগান ‘বাঙলা নাট্য অদ্য কেবল নিজ ভূগোলে নয়, শিল্পসুধায় পথ বার্তায় সর্বজগৎময়’। উৎসবের প্রথম দিনে আজ বিকাল সাড়ে ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় স্টুডিও থিয়েটার হলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ এবং আগামীকাল সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উইলিয়াম শেক্‌সপিয়ারের রচনা অবলম্বনে জুয়েনা শবনমের কাহিনী-পুনর্বিন্যাসে ম্যাকবেথের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ১০টায় থাকছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরনো কলাভবন থেকে নাট্যাচার্যের সমাধি অভিমুখে স্মরণ-শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ।

জাহিদ রিপন চিত্রাঙ্গদা নাটক প্রসঙ্গে জানান, মহাভারত অবলম্বনে রচিত চিত্রাঙ্গদার গল্পে মণিপুর-রাজকন্যা চিত্রাঙ্গদা মহাবীর অর্জুনের প্রেমে উদ্বেলিত হলেও অর্জুন রূপহীন চিত্রাঙ্গদাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত চিত্রাঙ্গদা প্রেমের দেবতা মদন ও যৌবনের দেবতা বসন্তের সহায়তায় এক বছরের জন্য অপরূপ সুন্দরীতে রূপান্তরিত হন। এবার অর্জুনকে লাভ করেও চিত্রাঙ্গদার অন্তর দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হতে থাকে। এভাবে চিত্রাঙ্গদা পৌরাণিক কাহিনীর আড়ালে যেন এ কালেরই নর-নারীর মনোদৈহিক সম্পর্কের টানাপড়েন ও পারস্পরিক সম্মানের বিষয়টি উপস্থাপিত হয়।

অন্যদিকে ‘ম্যাকবেথ’ নিয়ে তিনি জানান, স্বার্থপরতা, ক্ষমতালিপ্সা, উচ্চাকাঙ্ক্ষায় সাহসী সেনাপতি ম্যাকবেথের রাজা ডানকানকে হত্যাসহ ক্ষমতা দখল, শাসন টিকিয়ে রাখার জন্য একের পর এক হত্যাকাণ্ড ও পরিশেষে তারও একই পরিণতির শিকার হওয়ার বিশ্ববিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ।