মডেল ও অভিনেত্রী রাফা নানজিবা তোরসা। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন তিনি, নতুন বছরের শুরুতেই খবর দিলেন নতুন কয়েকটি সিনেমার। দর্শকের সামনে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
বর্তমানে তিনি শুটিং করছেন গ্রামীণ পটভূমিতে নির্মিতব্য সিনেমা ‘মাটি’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত আলভী মামুন। এর পরিচালক তারিফ সৈয়দ, যিনি গল্প ও চিত্রনাট্যও লিখেছেন। তোরসা জানান, সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ এরই মধ্যে শেষ হয়েছে। মাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এমডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।
এছাড়া সম্প্রতি তোরসা শেষ করেছেন সমাজে নারীর প্রতি বৈষম্য নিয়ে নির্মিত বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’, যার পরিচালক আলী জুলফিকার জাহেদী। একই পরিচালকের আরেকটি সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এও অভিনয় করেছেন তিনি, যেখানে তার বিপরীতে রয়েছেন খায়রুল বাসার। এ দুটি সিনেমা নির্মাণ সম্পন্ন হয়েছে এবং এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
পাশাপাশি আরো একটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন তোরসা। তবে পরিচালকের পক্ষ থেকে বিস্তারিত জানানো এখনো নিষেধ থাকায় তোরসা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। জানান, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার পর বিস্তারিত জানা যাবে।
চারটি সিনেমা প্রসঙ্গে তোরসা বলেন, ‘ভিন্ন ভিন্ন গল্পে কাজ করেছি। দর্শক সিনেমাগুলোয় আমাকে নতুনভাবে চিনবে। নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। বাকিটা মুক্তির পর দর্শকই বিচার করবে।’










