রণবীর কাপুর আর আলিয়া ভাটের সিনেমা ব্রহ্মাস্ত্রে বলিউড সুপারস্টার শাহরুখ খানের অল্প একটু উপস্থিতিতেই প্রবল খুশি তার ভক্তরা। এখন এ সিনেমার নতুন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

ব্রহ্মাস্ত্র সিনেমায় শাহরুখ খানের স্টান্টম্যান হাসিত সাভানি একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, বলিউডের সিনেমা ব্রহ্মাস্ত্রে লিজেন্ড শাহরুখ খানের অতিথি চরিত্রের জন্য স্টান্টম্যান হিসেবে কাজ করাটা সত্যিই আনন্দের।

ছড়িয়ে পড়া ছবিতে কুছ কুছ হোতা হ্যায় অভিনেতাকে ব্রহ্মাস্ত্র সিনেমার লুকে হাসিতের সঙ্গে পোজ দিতে দেখা যায়। তাছাড়া হাসিত মুম্বাইয়ের ফিল্মসিটিকে লোকেশন হিসেবে ট্যাগ করেছেন। ছবির পেছনে একটি সবুজ ক্রোমা স্ক্রিনও রয়েছে। আর হাসিতকে অ্যাকশনের জন্য নির্দিষ্ট পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এর পরই ছবিটিতে নানা রি-অ্যাকশন ও কমেন্টের বন্যা শুরু হয়। কেউ কেউ হাসিতের অভিনয়েরও প্রশংসা করেন। কেউ আবার নম্রতার জন্য শাহরুখের প্রশংসা করতে ভোলেননি।

ব্রহ্মাস্ত্র সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ২০১৮ সালের জিরো সিনেমার পরে তাকে আর কোনো সিনেমায় দেখা যায়নি। অয়ন মুখার্জির সিনেমায় তার উপস্থিতি সবাই বেশ পছন্দ করেছে। বিজ্ঞানী মোহান ভারগভের চরিত্র তার। ব্রহ্মাস্ত্রে তার চরিত্রে দেখে অনেকেরই ধারণা তাকে আবার সিকুয়ালে ফেরত আনা হবে। এমনকি অনেকে এমন দাবিও জানাচ্ছে।

তবে এ চরিত্র যে আবার স্ক্রিনে ফিরতে পারে সে ইঙ্গিত দিয়েছিলেন স্বয়ং অয়ন মুখার্জিও। এক সাক্ষাত্কারে তিনি বলেছিলেন, ভক্তরা বলার আগেই আমরা নিজেরা এসব বলছিলাম। ২০১৯ সালে যখন আমরা বিভিন্ন সিকোয়েন্স শুট করছিলাম, তখন সেটে এ নিয়ে কথা হয়। তখন বিজ্ঞানীর ব্যক্তিত্ব আবিষ্কার করছিলাম। বলছিলাম আরে কিছু একটা করতে হবে, বিজ্ঞানীর মূল গল্পটা বলতে হবে।

 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস