নাট্যনির্মাতা ফরিদুল হাসান আবারো পর্দায় নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি তিনি নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক ফাঁপর। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এর কেন্দ্রীয় দুই চরিত্রের নাম বদরুল ও মজনু। অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আখম হাসান ও যাহের আলভী। চরিত্র দুটিকে কেন্দ্র করে এগিয়ে যাবে নাটকের গল্প। ৯ জানুয়ারি থেকে বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে ধারাবাহিক নাটকটি প্রচার শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।
নতুন ধারাবাহিকের গল্প নিয়ে ফরিদুল হাসান জানান, ফাঁপর নাটকটির গল্প ঢাকা শহরের একটি মহল্লাকে ঘিরে। মহল্লার কয়েকজন তরুণ-তরুণী নিজেদের বড় করে দেখাতে বিভিন্নভাবে একে অন্যের সঙ্গে প্রতিনিয়ত মিথ্যা বলে। তারই ফলশ্রুতিতে একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়। দর্শকের উদ্দেশে পরিচালক ফরিদুল হাসান বলেন, ‘এই সময়ে যারা নাটক দেখে অভ্যস্ত তাদের কথা মাথায় রেখেই ফাঁপর নাটকটি নির্মাণ করা হয়েছে। এ নাটক সমসাময়িক বিষয় নিয়ে লেখা। হাস্যরসে গল্প এগিয়ে গেলেও সামাজিক দায়বদ্ধতা থেকে নাটকটিতে কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে, যা দর্শকের ভালো লাগবে বলে আশা করি।’
অভিনেতা যাহের আলভী বলেন, ‘নাটকের গল্পটা খুব মজার। শুটিং সেটে আমরা নিজেরাই অনেকবার হেসেছি। আশা করি, দর্শক নাটকটা পছন্দ করবেন।’
এ ধারাবাহিকে আরো অভিনয় করেছেন মনিরা মিঠু, ডা. এজাজুল ইসলাম, মানসী প্রকৃতি, ফারজানা আহসান মিহি, স্বর্ণলতা, ওয়ালিউল হক রুমী, শহিদুল্লাহ সবুজ, সিয়াম নাসির, তন্ময় সোহেল, আমিন আজাদ, নাফিসা, আনোয়ার শাহী, সঞ্জিব আহমেদ প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন প্রচেষ্টা এ্যাড মিডিয়ার কর্ণধার মোজাফ্ফর হোসেন দিপু।










