নতুন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। এ বোর্ডে সদস্য হিসেবে রাখা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। মোট ১৫ সদস্যের এ সার্টিফিকেশন বোর্ডে নওশাবার সঙ্গে রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিনসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংগঠনের প্রতিনিধিরা।

১৪ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব তাসলিমা নূর হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ৩ ধারার উপধারা (১) অনুযায়ী এ সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয়েছে।

নবগঠিত বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিব। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

১৫ সদস্যের সার্টিফিকেশন বোর্ডে আরো রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রতিনিধি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের কার্যক্রমের ইতি ঘটে। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করে সরকার। সেই দফার বোর্ডেও সদস্য হিসেবে ছিলেন কাজী নওশাবা আহমেদ, ইকবাল এহসানুল কবির, খিজির হায়াত খান ও তাসমিয়া আফরিন। তবে বোর্ড গঠনের প্রায় দুই মাস পর পদত্যাগ করেন খিজির হায়াত খান।

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, আগের বোর্ডের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে এ বোর্ড গঠন করা হয়েছে। নতুন বোর্ডে আবারো সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় কাজী নওশাবা আহমেদের অন্তর্ভুক্তি চলচ্চিত্র অঙ্গনে বিশেষভাবে নজর কেড়েছে।