ছোট পর্দার নিয়মিত ও পরিচিত মুখ তানজিম সাইয়ারা তটিনী। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও দ্রুতই অভিনয়ে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। মিষ্টি হাসি, স্বতঃস্ফূর্ত অভিনয় আর চরিত্রে মিশে যাওয়ার দক্ষতা— এ তিন গুণ তাকে স্বল্প সময়েই দর্শকের কাছে আলাদা জায়গা করে দিয়েছে। নাটক, ওয়েব সিরিজ থেকে শুরু করে বিজ্ঞাপন সব মাধ্যমেই শক্তিশালী উপস্থিতি দেখাচ্ছেন তিনি।

অভিনয়ের শুরুর দিকে একের পর এক কাজ করতেন তটিনী। তবে ইদানীং সে গতি কমিয়ে এনেছেন সচেতন সিদ্ধান্তেই। এখন তিনি সময় দিতে চান গল্প ও চরিত্রের গভীরে। তাড়াহুড়ো করে কাজের সংখ্যা বাড়ানোর চেয়ে প্রতিটি চরিত্রকে যথাযথভাবে ধারণ করাতেই তার আগ্রহ বেশি।

নিজের পরিবর্তন সম্পর্কে তটিনী বলেন, ‘আগে আমি প্রচুর কাজ করতাম। এখন ইচ্ছা করেও বেশি কাজ করি না। কারণ আমি চাই যে কাজগুলো করব, সেগুলো মানসম্পন্ন হোক। পরিমাণ নয়, গুণ—এ জায়গাটায় এখন বেশি মনোযোগ দিচ্ছি। ভালো গল্প ও চরিত্র নিয়ে ধীরেসুস্থে কাজ করতে চাই।’

তিনি আরো জানান, অগোছালো বা অসংগতিপূর্ণ প্রডাকশনে কাজ করতে চান না। তার ভাষায়, চরিত্রের সম্মান থাকলে তবেই একজন অভিনেত্রী নিজের সেরাটা দিতে পারে। তটিনীর মতে, অভিনয়ের দক্ষতা আর পরিশ্রম এ দুই থাকলে দীর্ঘ সময় টিকে থাকা খুব কঠিন নয়।

সম্প্রতি ওটিটির জন্য শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’-এ অভিনয় করেছেন তটিনী। কাজটি মুক্তির পর প্রশংসায় ভাসছেন তিনি। তটিনীর অনুভূতি, ‘কোনো কাজ প্রকাশের আগে সাধারণত আমার ভয় লাগে না। কিন্তু এ কাজটা মুক্তির আগ মুহূর্তে অদ্ভুত একটা ভয় কাজ করছিল। পরে যখন দর্শকের ভালোবাসা পেলাম, তখন মনে হলো সে ভয়টুকু আসলে ভালো কিছুরই ইঙ্গিত ছিল।’

অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে এ প্রসঙ্গকে আবারো সহজভাবে উড়িয়ে দিলেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তটিনী বলেন, ‘‌আপনি যদি কিছুই না করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। শুরুতে একটু অস্বস্তি লাগত—ব্যাকফায়ার করবে কিনা, ইমেজ নষ্ট হবে কিনা। পরে বুঝলাম মানুষ যদি বলে আনন্দ পায় পাক, এতে আমার অসুবিধা নেই।’