থিয়েটারে সিনেমা চলার পর তা আসে টেলিভিশনে। সে ধারাবাহিকতায় দীপ্ত টিভিতে এবারের ঈদে প্রিমিয়ার হবে ‘অন্তর্জাল’ ও ‘প্রহেলিকা’। ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচার হবে অন্তর্জাল। এটি ২০২৩ সালে মুক্তি পায়। অন্তর্জাল বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। ঈদের তৃতীয় দিন বেলা ১টায় প্রচার হবে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা প্রহেলিকা।
তিন তরুণের বুদ্ধিভিত্তিক উদ্ভাবন আর সাইবার দুনিয়ার হামলা নিয়ে এক কল্পিত দুনিয়ার বাস্তব লড়াই দেখা যাবে অন্তর্জালে। এটি পরিচালনার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন দীপংকর দীপন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, এবিএম সুমন ও সুনেরাহ বিনতে কামাল। দীপংকর দীপনের সঙ্গে গল্প লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এ সিনেমার প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও এবং প্রযোজক সাদেকুল আরেফীন ও সহপ্রযোজক শাহ আমীর খসরু। দুই বছরের বেশি সময় ধরে প্রস্তুতি নিয়ে নির্মাণ হয়েছে সিনেমাটি।
প্রহেলিকা সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর বড় পর্দায় আসেন অভিনেতা মাহফুজ আহমেদ। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। এটি চয়নিকা চৌধুরীর পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র। ২০২৩ সালের ২৯ জুন ঈদে চলচ্চিত্রটি স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখা ও ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিন মিলে মোট আটটি হলে মুক্তি পায়।
মুক্তির পর অনেকেরই থিয়েটারে বা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব হয় না। তাই বিশ্বের সব দর্শকের জন্য এবার স্যাটেলাইট টেলিভিশন দীপ্ত প্রচার করবে সিনেমা দুটি।










