তেমনই এক জনপ্রিয় গান ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ আবারো ফিরেছে নতুন রূপে, নতুন প্রজন্মের জন্য।

১৮ বছর আগে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা কণ্ঠশিল্পী সোনিয়ার কণ্ঠে গানটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। সেই সময় বৈশাখের অন্যতম জনপ্রিয় গান হিসেবে এটি জায়গা করে নেয় মানুষের হৃদয়ে।

তবে গানের সেই সোনিয়া অনেক দিন ধরেই সংগীত জগতের বাইরে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে গান থেকে দূরে থাকলেও তার গাওয়া এ গানটি এখনো সমানভাবে জনপ্রিয়।

এ জনপ্রিয়তাকেই নতুন করে সামনে আনতে উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। নতুন প্রজন্মের কাছে গানটি পৌঁছে দিতে তারা এটি পুনরায় প্রকাশ করেছে।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারো নতুন সংগীতায়োজনে যুক্ত হয়েছেন। আধুনিক উপস্থাপনায় গানটি সাজানো হয়েছে, যাতে পুরনো আবেগের সঙ্গে যুক্ত হয় নতুন সময়ের ছোঁয়া।

বাংলা নববর্ষ উপলক্ষে গতকাল গানটি ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক ২.০’ শিরোনামে ইউটিউবে প্রকাশিত হয়েছে। বৈশাখের উৎসবমুখর আবহে গানটি আবারো শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে দ্রুতই।

এ বিষয়ে শওকত আলী ইমন বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’ গানটির শ্রোতাপ্রিয়তা কতটা তা আর নতুন করে বলার নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। নতুন আয়োজনে গানটি এবার প্রকাশ করলাম। প্রকাশের পর থেকেই গানটি নিয়ে চারদিক থেকে ভালো রেসপন্স পাচ্ছি।’

গানটির গীতিকার কবির বকুল। বৈশাখের আবহে গানটির ভিডিও করেছেন চন্দন রায় চৌধুরী।