নতুন বছরকে কেন্দ্র করে নতুন নাটক নিয়ে আসছেন নির্মাতা ও তারকারা। সে ধারাবাহিকতায় আসছে খায়রুল বাসার ও আনিকা জুটির নাটক ‘ব্যাচেলর’। নাটকটি নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। নাটকটিতে সাফায়েত চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার আর কনা চরিত্রে আনিকা।

নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘বেকার ব্যাচেলরদের জীবন অতটা সুখের নয়। ভবিষ্যতের চিন্তা তাদের মারাত্মকভাবে গ্রাস করে। তারা একগাদা বিসিএস গাইড নিয়ে ডুবে থাকেন। তাই বেকার ব্যাচেলর জীবন এ গল্পে তুলে ধরতে চেয়েছি।’

নাটকটি নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন, ‘গল্পের শুরু এমন হলেও শেষটা অন্যরকম। যে গল্পের বাঁকে বাঁকে রয়েছে প্রেমের জন্য নীল বেদনা। এতে খায়রুল বাসার ও আনিকা অনবদ্য অভিনয় করেছেন।’ সাবলীল অভিনয়ের জন্য দর্শক মহলে পরিচিত খায়রুল বাসার। নতুন বছরে ‘ব্যাচেলর’ নাটকটি নিয়ে খায়রুল বাসার বলেন, ‘এমন চরিত্রনির্ভর গল্প সচরাচর মেলে না। যেখানে অভিনয় করার প্রচুর সুযোগ থাকে। গল্পটি আমার ভালো লেগেছে। অভিনয় করে আনন্দ পেয়েছি।’

সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বছরের শুরুতেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে আরো অভিনয় করেছেন মিলি বাশার, আনোয়ার শাহী, পারভেজ সুমন, শামিম, রিপন আহমেদ প্রমুখ। নাটকটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। প্রধান সহকারী পরিচালক ছিলেন শাহিন খান।