অনেক বছর আগের ঘটনা। পাঞ্জাব থেকে সোনু সুদ তার ছবি পাঠিয়েছিলেন স্টারডাস্ট ম্যাগাজিনের এক অডিশনের জন্য। তিনি সেবার প্রত্যাখ্যাত হয়েছিলেন। সম্প্রতি তিনি সেই স্টারডাস্ট ম্যাগাজিনেরই প্রচ্ছদ হয়েছেন।
আর এ ঘটনাকে টুইটারে সবাইকে জানিয়েছেন সোনু। তিনি লিখেছেন, ‘এমন একটা সময় ছিল যখন পাঞ্জাব থেকে স্টারডাস্টের অডিশনের জন্য ছবি পাঠিয়েছিলাম। কিন্তু আমি প্রত্যাখ্যাত হই। আজ এ চমত্কার প্রচ্ছদটির জন্য স্টারডাস্টকে ধন্যবাদ।’
স্টারডাস্টের সাম্প্রতিক সংখ্যায় মহামারীতে সোনু সুদের সেবামূলক কর্মকাণ্ডকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে।
গত বছর থেকে মহামারীতে বিপন্ন মানুষকে সাহায্য করে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন সোনু। করোনার দ্বিতীয় ঢেউয়েও তিনি সক্রিয়। অনেক মানুষের সাহায্যের আবেদনে সাড়া দিচ্ছেন; ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন জায়গায় হসপিটাল বেড, অক্সিজেন, ওষুধ সরবরাহ করছেন। গত সপ্তাহে তিনি জানিয়েছেন, চেষ্টা করা সত্ত্বেও কারো জীবন বাঁচানো না গেলে তিনি অসহায় বোধ করেন। চেষ্টা করেও যখন কোনো রোগীকে বাঁচানো যায় না তখন মনে হয় নিজের আপন কাউকেই হারিয়েছি। যে পরিবারকে আপনি কথা দিয়েছিলেন যে তাদের প্রিয়জনকে বাঁচাবেন তাদের সামনে দাঁড়ানোটা খুব কঠিন হয়ে যায়।
এ মাসের শুরুর দিকে সোনু একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় তার ফোনে সাহায্য চেয়ে বিরতিহীনভাবে মেসেজ আসছে। তিনি লেখেন, ‘আমরা আপনাদের কাছে পৌঁছার সর্বোচ্চ চেষ্টা করি। দেরি হলে কিংবা মিস করলে ক্ষমা করবেন।’
আরেক টুইটে সোনু সুদ লেখেন, মানুষকে চিকিৎসা সহায়তা দেয়া ১০০ কোটি রুপির সিনেমা উপহার দেয়ার চেয়ে আরো বড়ো পুরস্কার।
সূত্র: হিন্দুস্তান টাইমস










