টাবুকে বলা হয় বলিউডের টাইমলেস বিউটি। সম্প্রতি অভিনয়জীবনের তিন দশক পার করলেন এ অভিনেত্রী। কিন্তু সেই ১৯৯১ সালেও তিনি যেমন, আজও কেন যেন তেমনই রয়ে গেছেন। সমালোচকরা বলেন, পর্দায় টাবুকে দেখে দর্শক কখনো ক্লান্ত বোধ করে না। আর টাবুও যেন ক্লান্তিহীন—চিরতরুণী। সৌন্দর্য আর অভিনয় গুণে নারী শিল্পী হয়েও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি ভারতীয় বিনোদন জগতে।

১৯৯১ সালে তেলেগু ছবি কুলি নাম্বার ওয়ানের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল টাবুর। গতকাল ছবিটির মুক্তির ৩০ বছর উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে লম্বা নোট লিখেছেন তিনি। এতে তিনি কুলি নাম্বার ওয়ানের পরিচালক কোভেলামুডি রাঘবেন্দ্র রাও, প্রযোজক সুরেশ বাবুকে ধন্যবাদ জানিয়েছেন তাকে সেদিন ছবিতে সুযোগ দেয়ার জন্য। কুলি নাম্বার ওয়ানে টাবুকে দেখা গিয়েছিল ভেঙ্কটেশের বিপরীতে।

টাবু মনে করেন, কাজই তার পরিচয়। তিনি লিখেছেন, ‘আমার প্রথম ছবি কুলি নাম্বার ওয়ান মুক্তির পর কেটে গেছে ৩০ বছর—এটা ভাবতে কেমন অবিশ্বাস্য লাগছে, আনন্দও হচ্ছে। এটা একই সঙ্গে গর্ব ও আরো অনেক অনুভূতির মুহূর্ত...তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা। আমার প্রথম ছবিকে বাস্তব করে তোলার জন্য রাম নাইডু স্যার, সুরেশ নাইডু, ভেঙ্কটেশ নাইডুকে ধন্যবাদ জানাই। সামনের দিনের জন্য ছবিটি আমাকে দৃঢ় ভিত্তি গড়ে দিয়েছিল। তাদের জন্য আমি সবসময়ই পাপ্পা (তামিল ভাষায় শিশু)।’ একই সঙ্গে ক্যারিয়ারে চলার পথে যে যেভাবে তার পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন টাবু।

পিটিআইকে দেয়া এক সাক্ষাত্কারে টাবু তার কাজ নিয়ে কথা বলেছিলেন। সেদিন জানিয়েছিলেন, তার কাজই তার হয়ে কথা বলুক—তিনি এমনটাই চান। ‘কাজের মধ্য দিয়ে আমার ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে। যে মানুষদের সঙ্গে আমি মিশেছি, যেসব ছবিতে কাজ করেছি...ধীরে ধীরে আমার দিগন্ত প্রসারিত হয়েছে। আমার জন্য এসবই মূল্যবান। অভিনয়কে বাদ দিয়ে নিজেকে কীভাবে ভাবব, তা আমি জানি না। মানুষ আমাকে চেনে, জানে আমার কাজের জন্য।’

সামনে টাবুকে দেখা যাবে ভুল ভুলাইয়া টু ছবিতে। মালয়ালম ছবি ভীষ্ম পার্ভমে তাকে একটি ক্যামিও চরিত্রে থাকবেন তিনি।

টাবুর পুরো নাম তাবাসসুম ফাতিমা হাশমি। তার জন্ম হায়দরাবাদের এক মুসলিম পরিবারে, ১৯৭১ সালের নভেম্বরে। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ভারতের চতুর্থ সম্মানজনক বেসামরিক সম্মাননা পদ্মশ্রী। সেরা অভিনেত্রীয় জাতীয় পুরস্কার পেয়েছেন দুবার। আর ফিল্মফেয়ার ছয়বার।

 

সূত্র: ইন্ডিয়া টুডে