হিন্দি সিনেমা ও সিরিজের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। সম্প্রতি তিনি একটি বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত ছিলেন বলেও জানাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো। ত্রিপাঠীর মতে, ওটিটিতে এখন আর সৃজনশীলতা নেই। সে সুযোগ দেয় না প্লাটফর্মগুলো। নানা রকম যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে সৃজনশীলতা জায়গা হারিয়ে ফেলছে।
বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাত্র কয়েক বছরের মধ্যেই ওটিটির পরিবেশ অনেকটা বদলে গেছে। কেন পঙ্কজ ত্রিপাঠী এখন ওটিটিকে এড়িয়ে যাচ্ছেন। সে কারণেই ত্রিপাঠীর প্রযোজিত পারফেক্ট ফ্যামিলি ইউটিউবে মুক্তি দিয়েছেন। অভিনেতা জানান, তার টিমের মতে, বড় প্লাটফর্ম না থাকলে দীর্ঘ অনুমোদন প্রক্রিয়ার ঝামেলাও নেই। তিনি জানান, এখন প্রতিটি বড় ওটিটিতে তৈরি হয়েছে ‘হস্তক্ষেপের স্তর’, সৃজনশীল বিভাগের অনুমোদন, আইনগত পর্যালোচনা, প্রডাকশন অডিট–সবকিছুই।
তার মতে, ইউটিউব বেছে নেয়া ছিল এমন একটি গল্প বলার সুযোগ, যেখানে কমিটিরা এসে নাক গলাবে না। পঙ্কজ বলেন, ‘ওরা ঠিক করে কে স্ক্রিপ্ট দেখবে, তারপর প্রডাকশন ভ্যালু নিয়েও প্রশ্ন ওঠে।’ তার তুলনায় ইউটিউবের মতো প্লাটফর্মে কাজ করা সহজ।
তাৎক্ষণিক সংলাপ বদলের দক্ষতার জন্য পঙ্কজ ত্রিপাঠী প্রশংসিত। তিনি বলেন, ‘এখন আর আগের মতো এ কাজ আমি করি না। একটা অভিজ্ঞতার কথা বলি। একটি দৃশ্যে স্বাভাবিকভাবে একটি তাৎক্ষণিক সংলাপ যোগ করেছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গেই আমাকে থামিয়ে দেয়া হয়। একজন ক্রিয়েটিভ লিড আমাকে জানান, লাইনটি আগে আইন বিভাগকে অনুমোদন করতে হবে।’
তিনি প্রশ্ন তোলেন—সাধারণ, নির্দোষ ইমপ্রোভাইজেশনেও এখন কেন অনুমতির প্রয়োজন হয়? ত্রিপাঠীর মতে, বিতর্কের ভয় এমন এক ব্যবস্থার জন্ম দিয়েছে যেখানে দর্শক দেখার আগেই সিদ্ধান্তগুলো আটকে দেয়া হয়।
আরো একটি ছোট, কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনারও উল্লেখ করেন তিনি। এক দৃশ্যে তাকে একটি কবিতার চারটি পঙ্ক্তি আবৃত্তি করতে হতো। কিন্তু অনুমতি না পাওয়া পর্যন্ত শুট থামিয়ে রাখা হয়। ত্রিপাঠী নিজে কবির পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, কোনো কপিরাইট সমস্যা নেই। তাদের একমাত্র অনুরোধ ছিল, তিনি যেন কবির বই হাতে একটি ছবি তোলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










