বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে সিনেমা হতে যাচ্ছে। তবে তা বাংলায় নয়। দক্ষিণ ভারত থেকে একাধিক ভাষায় নির্মিত হবে সিনেমাটি। বঙ্কিমের লেখা ‘বন্দে মাতরম’ গানটির সার্ধশত বছরপূর্তি উপলক্ষে নির্মিতব্য সিনেমাটির একটি পোস্টার মুক্তি দেয়া হয়েছে। ‘১৭৭০’ নামে সিনেমাটি পরিচালনা করছেন অশ্বিন গঙ্গারাজু। তিনি ইগা ও বাহুবলি উভয় সিনেমায় এসএস রাজামৌলির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২১ সালে আকাশবাণী পরিচালনার মাধ্যমে তার অভিষেক হয়। সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছে।

এসএস ওয়ানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সিনেমা নিয়ে তিনি বলেন, ‘বিষয়টি আমার জন্য জটিল ছিল। তবে ভি বিজয়েন্দ্র প্রসাদ স্যারের চিত্রনাট্যের জন্য কাজটা সহজ হয়েছে। আমার মনে হয়েছে একটা ব্লকবাস্টার সিনেমার লিখিতরূপ পেয়েছি।’ বঙ্কিমের গল্পটি নিয়ে বিজয়েন্দ্র উচ্চ ধারণা পোষণ করেন। তিনি বলেন, ‘আমার মনে হয় বন্দে মাতরম রীতিমতো ম্যাজিক্যাল ওয়ার্ড ছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এ ছিল বঙ্কিমের দেয়া বীজমন্ত্র। ১৭৭০ সিনেমায় আমরা অজানা সেসব যোদ্ধার গল্প বলেছি যারা স্বাধীনতার আন্দোলন শুরু করেছিলেন।’

দক্ষিণসহ পুরো ভারতেই পিরিয়ড ফিল্ম নির্মাণের আগ্রহ দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত এ রকম কাজ দেখা যায়নি। বাংলা উপন্যাসের দক্ষিণি অ্যাডাপ্টেশন এবং সেটিকে নতুন করে বলার চেষ্টা আগ্রহজাগানিয়া। সিনেমা নির্মাণের বিষয়ে এসএস ওয়ানের শৈলেন্দ্র কুমারের মতে, সিনেমার এ শুভ সময়ে পিরিয়ড ফিল্ম নির্মাণের সুযোগটা কাজে লাগানো উচিত। সেক্ষেত্রে বঙ্কিমের উপন্যাসটি একটি ভালো গল্প, যা ভারতের জন্যও জরুরি।

সিনেমায় কারা অভিনয় করবেন তা এখনো ঠিক করা হয়নি। চলতি বছর দীপাবলির আগেই কাস্ট নিশ্চিতের চেষ্টা করা হবে। সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, মালয়ালম, কন্নড় ও বাংলায়।