‘দ্য ক্রাউন’ ছবিতে প্রিন্সেস ডায়নার ভূমিকায় অভিনয় করা এমা করিনকে এবার দেখা যাবে মার্ভেলের সুপারহিরো সিনেমা ডেডপুল থ্রিতে। অবশ্য এবার ভিলেন চরিত্রে পর্দায় আসছেন এমা। দ্য হলিউড রিপোর্টারের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

মার্ভেলের ছবিগুলোতে সাধারণত সহিংসতা দেখানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়। থাকে না কোনো প্রাপ্তবয়স্ক ভাষার ব্যবহারও। তবে ব্যতিক্রম ডেডপুল। এখন পর্যন্ত মুক্তি পাওয়া ডেডপুলের সবগুলো ছবিতেই প্রাপ্তবয়স্কদের উপযোগী সংলাপসহ দেখানো হয়েছে অনেক সহিংস দৃশ্যও। ছবিটিকে ‘‌আর রেটেড’ তালিকাভুক্ত করেছে ডিজনি প্লাস। অর্থাৎ ১৭ বছরের কম বয়সীদের জন্য ছবিটি উপযুক্ত নয়।

রায়ান রেনল্ডসের সঙ্গে হিউ জ্যাকম্যান যোগ হওয়ায় ডেডপুল নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। এর মধ্যেই এমা করিনের সম্পৃক্ততার খবর ছবিটি সম্পর্কে দর্শকের আগ্রহ বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।

ডেডপুলের এবারের পর্ব নানা কারণেই বিশেষ। ছবিতে প্রথমবারের মতো শন লেভি ও তার টিমের সঙ্গে সরাসরি কাজ করছে মারভেল। এমনিতে ডেডপুল মারভেলের চরিত্র হলেও এটি সিনেম্যাটিক ইউনিভার্সে অন্তর্ভুক্ত ছিল না। এবার তার অংশ হতে যাচ্ছে ডেডপুল। আরো একটি মজার বিষয় হলো, এ ছবির মাধ্যমেই উলভারিনকে আবার দেখা যাবে বড় পর্দায়।

ডেডপুলে করিনের যুক্ত হওয়ার বিষয়টি বিষয়টি দীর্ঘদিন ধরেই ছিল গুঞ্জন পর্যায়ে। অবশেষে সময় মিলল তার। এখন দেখা যাক, ভিলেন চরিত্রে ক্রাউনের রাজকুমারীকে ছাড়িয়ে যেতে পারেন কিনা এমা করিন।