শাকিব খান অভিনীত ‘‌তুফান’ নিয়ে নানা কথাই হচ্ছে। সিনেমায় শাকিব খানের সঙ্গে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা-কল্পনা। মিডিয়া ও নেটিজেনরা নানা সময় অনেক নায়িকার নাম ধারণ করেছেন। এবার আনুষ্ঠানিকভাবে এ সিনেমার প্রধান দুই অভিনেত্রীর নাম জানানো হলো। তুফান সিনেমায় অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা।

রায়হান রাফির পরিচালনায় ‌এটি প্রযোজনা করছে পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ এবং বাংলাদেশের আলফা আই ও চরকি। গত বছর এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা দেয়া হয় এ সিনেমার। তখন নায়কের নাম ঘোষণা হলেও জানানো হয়নি নায়িকার নাম। এবার জানানো হলো দুই বাংলা থেকেই নেয়া হচ্ছে অভিনয়শিল্পী।

মিমি চক্রবর্তী তুফান নিয়ে বেশ উচ্ছ্বসিত। এ নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনো কাজে, কখনো-বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে।’

সিনেমাটি প্রযোজনা করছে তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান। এটিও একটি বিশেষ ঘটনা। একসঙ্গে কাজ করার মাধ্যমে উন্মোচন হবে নতুন দিগন্ত। এ নিয়ে মিমি বলেন, ‘দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এ সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’

এদিকে ‘‌আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটেছিলেন নাবিলা। এছাড়া নাটক ও উপস্থাপনায় নিজের স্থানও তৈরি করেছিলেন। প্রশংসিত হয়েছিলেন কাজ দিয়ে। কিন্তু এর পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতি ভেঙে নাবিলা ফিরছেন ‌তুফান নিয়ে।

এতদিন পর ফেরা নিয়ে নাবিলা বলেন, ‘‌এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে।’

এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি তারা বেশ আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে।