জোর গুঞ্জন ছিল ব্যাটম্যান হিসেবে ফিরবেন মাইকেল কিটন। দ্য ফ্ল্যাশের ট্রেলার থেকে বোঝা গেল সত্যিই বেশকিছু অসাধ্য সাধন করেছে ডিসি। এ সিনেমার মধ্য দিয়ে ডিসির ইউনিভার্স তৈরি হচ্ছে। সেখানে ফিরছেন মাইকেল কিটন। অন্য কোনো চরিত্র নয়, ব্যাটম্যান হিসেবেই ফিরছেন তিনি। মজার ব্যাপার হলো সিনেমায় বেন অ্যাফ্লেকও আছেন। অর্থাৎ দুই ব্যাটম্যানকে দেখা যাবে সিনেমায়।
দ্য ফ্ল্যাশপয়েন্ট প্যারাডক্স কমিকস থেকে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে ভিন্ন সময়ে দুজন ব্যারি অ্যালেনকে দেখা যাচ্ছে। অর্থাৎ দুটো ভিন্ন সময়ের ফ্ল্যাশের গল্প দেখা যাবে সিনেমাটিতে। একটু জটিল হলেও কমিকভক্তদের কাছে গল্পের ধারাটি অপরিচিত না। মার্ভেল কমিক ও মার্ভেলের সিনেমায় এমন গল্প হরহামেশা দেখা যায়। ডিসি প্রসঙ্গে মার্ভেলের আলাপ তোলার কারণ ডিসি এবার মার্ভেলের অনুসরণেই তৈরি করছে তাদের ইউনিভার্স।
গতকাল প্রকাশ হয়েছে দ্য ফ্ল্যাশের ট্রেলার। ডিসির আগের সিনেমাগুলোর তুলনায় এ সিনেমা ভিন্ন, তা ট্রেলার দেখেই বোঝা যায়। সিনেমার মিউজিক, ভাইব, কালার গ্রেডিং নতুন ধরনের। অন্তত ডিসির পুরনো সিনেমাগুলোর তুলনায়। জ্যাক স্নাইডারের সিনেমায় আলো কম ব্যবহার হতো। এবার উজ্জ্বলতা প্রথমেই ধরা পড়ে। বিষয়টি হয়তো বড় কিছু না, কিন্তু বড় হয়ে দাঁড়ায় কখনো কখনো। এ সময়ে এসে স্নাইডারের সিনেমার ধীর গতি আর পছন্দ হচ্ছিল না নতুন প্রজন্মের দর্শকদের। সে কারণে জেমস গান ও পিটার স্যাফ্রান পুরো ডিসি ইউনিভার্সকে গড়ছেন নতুন করে।
আন্দ্রে মাসচিয়েতি পরিচালনা করছেন সিনেমাটি। এতে ফিরছেন মাইকেল কিটন। ট্রেলার থেকে বোঝা যাচ্ছে, তিনি তার সময়েই আছেন এবং অন্য টাইমলাইনে ব্যাটম্যান হিসেবে থাকছেন বেন অ্যাফ্লেক। কিন্তু তারা স্ক্রিন শেয়ার করবেন কিনা, তা এখনই বলা যাচ্ছে না। দুজনকে দেখা গেছে দুই সময়ে। তারা ভিন্ন বাস্তবতায় থাকেন। অন্যদিকে দুজন ব্যারি অ্যালেন বা ফ্ল্যাশও আছেন। আর এ সিনেমার মধ্য দিয়ে নতুন করে ফিরছেন আরেকজন। তিনি জেনারেল জড। সুপারম্যানকে ডিসি বাদ দিয়েছে তাদের নতুন ইউনিভার্স থেকে। কিন্তু যুক্ত হচ্ছেন সুপারগার্ল। সে সূত্রেই জেনারেল জডের আগমন। জড এ সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হতে পারেন।
ডিসির এ সিনেমার মধ্য দিয়ে পরবর্তী সিনেমা, লাইনআপ ও ইউনিভার্সের সূত্র পাওয়া যাবে। এ প্রসঙ্গে মাসচিয়েতি বলেছিলেন, ‘আমরা একটি জাস্টিস লিগ তৈরির চেষ্টা করছি, যদিও সেটি আমাদের পরিচিত লিগের মতো শক্তিশালী নয়। ব্রুস ওয়েনের ভাষায় এটি একটি অবসরপ্রাপ্ত দল। জেনারেল জডকেও ফেরানো হবে ফ্ল্যাশের মধ্য দিয়েই।’ সে হিসেবে দ্য ফ্ল্যাশ হতে যাচ্ছে ডিসির এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা। ফ্ল্যাশের ট্রেলারে অবশ্য জাস্টিস লিগের কোনো আভাস পাওয়া যায়নি। কিন্তু সিনেমায় সে রকম গল্প থাকতেই পারে। মাইকেল কিটনকে বেশ গুরুত্ব সহকারে দেখানো হয়েছে।
১৯৯২ সালে মুক্তি পাওয়া ব্যাটম্যানে অভিনয় করেছিলেন মাইকেল কিটন। এরপর তাকে আর ব্যাটম্যানের স্যুটে দেখা যায়নি। ডিসির ফ্যানডম ইভেন্টের একটি ফুটেজ থেকে ধারণা করা হয়েছিল তিনিও ফিরবেন ডিসির নতুন পরিকল্পনার অংশ হিসেবে। এখন অনেকে বলছেন নতুন জাস্টিস লিগের প্রধান হবে এ ব্যাটম্যান। স্নাইডারের ডন অব জাস্টিসে বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান, হেনরি ক্যাভিলের সুপারম্যান ও গাল গাদতের ওয়ান্ডার উইম্যান হিসেবে ডিসির সিনেমাটিক ইউনিভার্সের জাস্টিস লিগ গঠনের সূচনা করেছিল। এবার নতুন ইউনিভার্সে কিটনের ব্যাটম্যানের সঙ্গে শাশা ক্যালির সুপারগার্ল এবং এজরা মিলারের ফ্ল্যাশ থেকে দুটো ভার্সন যোগ করে নতুন করে জাস্টিস লিগ তৈরি হবে। কিন্তু ফ্ল্যাশপয়েন্ট প্যারাডক্সের দুই ব্যারি কি একই সময়ে সবসময় থাকতে পারবে? সেটা একটা প্রশ্ন বটে।
তবে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, গান-স্যাফ্রান বেশ আঁটঘাট বেঁধে নেমেছেন। সিনেমাটোগ্রাফি গল্প বলার ধরন নতুন করে সাজানো হয়েছে। পুরনো ধারা থেকে বের হয়ে এখন বাণিজ্যিক ও অন্যান্যভাবে সিনেমাটিকে দর্শকপছন্দের করে তুলতে চাওয়া হচ্ছে। অ্যাকশন, গল্প ও অভিনেতাদের নিয়ে এক্সপেরিমেন্ট করা হলেও সেটা সাজানো হয়েছে সময় নিয়ে। হতে পারে এ সিনেমার মধ্য দিয়ে সত্যিই ঘুরে দাঁড়াবে ডিসি।









