গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। নিজের গান নিজেই সুর করতে ভালোবাসেন তিনি। প্লেব্যাকও করেছেন, তবে সেটাও নিজের সুরে নিজের গান। কিন্তু এবার তিনি এ নীতির বাইরে ঘুরে এলেন। প্লেব্যাক করলেন অন্যের সুরে, অন্যের লেখা গানে। শিরোনাম ‘অভিমানী রোদ্দুরে’। এটি তিনি গেয়েছেন দীপঙ্কর দীপন পরিচালিত অপারেশন সুন্দরবন সিনেমার জন্য। গানটি লিখেছেন সংযুক্তা সাহা এবং সুর করেছেন অম্লান চক্রবর্তী।
অন্যের লেখা বা সুর করা গানে হাবিব ওয়াহিদের আপত্তি ছিল না কখনো। তিনি আগেই বলেছিলেন, ‘যদি ভালো কিছু হয় তাহলে আমি অবশ্যই অন্যের সুর ও কথায় গান গাইব।’ তাই তার এবারের সিনেমার গানটি অন্যগুলোর চেয়ে আলাদা। এছাড়া এতে হাবিবের সহশিল্পী হিসেবে এসেছেন এ প্রজন্মের মেধাবী গায়িকা নন্দিতা।
১২ সেপ্টেম্বর এটি অনলাইনে প্রকাশ পায়। এরপর থেকেই শ্রোতা ও দর্শকদের মন কেড়ে নিতে শুরু করেছে অভিমানী রোদ্দুরে।










