ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সাফল্যে সবার ওপরে যার নাম। বাংলাদেশের সিনেমার প্রেক্ষাপট বদলে দিতে শাকিব খান একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। গত কয়েক বছরে তাকে মূলত অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমায় দেখা গেলেও তার রোমান্টিক চরিত্রগুলোও আজও দর্শকের মনে জীবন্ত।

সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে বড় সাফল্য হিসেবে পরিগণিত হলো ‘প্রিয়তমা’। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খানের এ সিনেমা লগ্নির বহুগুণ অর্থ আয় করেছে। সিনেমাটি দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক সফলতায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা শুধুই একটি কমার্শিয়াল হিট নয়, বাংলা সিনেমার গ্লোবাল ব্যবসার জন্যও নতুন সুযোগ তৈরি করেছে।

অভিনয়ের দিক থেকে শাকিব খানকে সাম্প্রতিক সময়ে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’-এর মতো অ্যাকশন-ক্যাওয়াজ ঘরানার সিনেমায় বেশি দেখা গেছে। তবে তিনি আবার রোমান্টিক চরিত্রে ফিরছেন। জানা গেছে, চলতি বছরেই শাকিব একটি নতুন রোমান্টিক সিনেমায় পাকিস্তানি কোনো এক নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন। শাকিবের ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবর, প্রাথমিকভাবে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ হয়েছে। যদিও চূড়ান্ত চুক্তি হয়নি, হানিয়া আমির সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকলেও সময়সূচি মিলিয়ে শাকিবের সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে শাকিব খান শিগগিরই তার আসন্ন সিনেমা ‘প্রিন্স’-এর শুটিং শুরু করবেন, যেখানে আছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। এছাড়া শাকিবের অন্য সিনেমা ‘সোলজার’ মুক্তির অপেক্ষায় রয়েছে।