অজয় দেবগন অভিনীত ময়দান ছবির সেট সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে মুম্বাইয়ে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ‘টাউটে’। একবার নয়, এ নিয়ে তিন-তিনবার ছবিটির সেট নির্মাণ করতে প্রযোজন হচ্ছে বনি কাপুরকে। সম্প্রতি বিষয়টি খোলাখুলিভাবে মিডিয়ার কাছে তুলে ধরে তিনি বলেন, ছবির সেটটি ঘূর্ণিঝড়ে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে তৃতীয়বারের মতো ময়দানের সেট নির্মাণে অর্থ ঢালতে হচ্ছে আমাকে।
একের পর এক দুর্যোগে ভেসে যাচ্ছে ভারত। বিদ্যমান করোনা মহামারীর নিত্যশঙ্কার মধ্যেই সম্প্রতি শক্তিশালী ঘূর্ণিঝড় টাউটে আঘাত হেনেছে সেখানে। মুম্বাই ও পার্শ্ববর্তী এলাকাগুলোয় ভূমিধসসহ নানা বিপর্যয়ের চিহ্ন রেখে গেছে এ ঝড়।
ইটাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে বনি কাপুর বলেছেন, তৃতীয়বারের মতো একই ছবির সেটের জন্য আমাকে অর্থ খরচ করতে হচ্ছে। এবার ঘূর্ণিঝড়ের কারণে সেটের ক্ষতি হলেও আগের দুবার কেন সেট নষ্ট হলো? এমন প্রশ্নের উত্তরে বনি কাপুর বলেন, কভিড-১৯-এর কারণে যখন প্রথম লকডাউনের ঘোষণা দেয়া হয়, তখন ময়দান ছবির এ সেট আমাদের ভেঙে ফেলতে হয়েছিল। এরপর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে আমরা সেটটি পুনর্নির্মাণ করি। তবে এবার যদি লকডাউন না হতো আমরা হয়তো ছবিটির শুটিংয়ের কাজ সম্পন্ন করে ফেলতাম। কিন্তু পুনরায় লকডাউনের কারণে আমরা শুটিং শুরু করতে পারিনি। এর মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ের আঘাত। পিচের অংশটুকু ছাড়া সেটটির গোটা কাঠামোই জলে গেছে। সেটের পেছনে ৩০ কোটি রুপি খরচ হলেও অনেক কাজ এখনো বাকি।
কভিড মহামারীর কারণে অনেক ছবিই এখন প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হচ্ছে। সম্প্রতি সালমান খান অভিনীত রাধে ছবির ক্ষেত্রেও এমনটি দেখা গেছে। তবে ওটিটি প্লাটফর্মে ছবি মুক্তির বিষয়টিকে নাকচ করে দিয়েছেন বনি। তিনি বলেন, আমি ছবি নির্মাণ করছি প্রেক্ষাগৃহের জন্য। এরই মধ্যে আমরা পোস্ট-প্রডাকশনের কাজও শুরু করে দিয়েছি এবং প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়েই এগোচ্ছি। বনি কাপুর এমনটা দাবি করলেও দিন কয়েক আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে, ময়দান ছবির সংশ্লিষ্টরা ডিজিটাল মুক্তির বিষয়টি বিবেচনা করছেন। তবে ময়দানের প্রযোজকত্রয়ী বনি কাপুর, আকাশ চাওলা ও অরুণাভ জয় সেনগুপ্তা অবশ্য সম্প্রতি যৌথ একটি বিবৃতিতে এমন সম্ভাবনাকে এ মুহূর্তে পুরোপুরি নাচক করে দিয়েছেন।
ময়দান ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে দৃশ্যমখ্যাত অভিনেতা অজয় দেবগনকে। ছবিটি নির্মিত হচ্ছে ভারতীয় ফুটবলার সৈয়দ আবদুল রহিমের সত্যিকারের কাহিনী অবলম্বনে। যিনি ১৯৫০-৬৩ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের আধুনিক ফুটবলের চেহারা বদলে দিয়েছেন—এমনটা মনে করেন অনেকেই। তার কার্যকালকে ভারতের ফুটবলের স্বর্ণযুগ হিসেবেও বিবেচনা করা হয়। ময়দান ছবিটি পরিচালনা করছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। পর্দায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, প্রিয়ামনি ও গজরাজ রাওকেও। হিন্দির পাশাপাশি ধারণা করা হচ্ছে ছবিটি তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায়ও মুক্তি পাবে।
সূত্র: ডিএনএ










