সঞ্জয় লীলা বানসালির আলোচিত ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে। মুখ্য চরিত্র গাঙ্গুবাঈয়ের ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। ছবির শুটিং শুরু হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। মহামারীতে বেশ কয়েকবার শুটিং বন্ধ হয়ে শেষমেশ সমাপ্ত হয়েছে ছবির শুটিং।
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি ছবির শুটিং শেষ হওয়া উপলক্ষে আলিয়া ভাট তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তার অভিজ্ঞতার কথা। ‘আমরা গাঙ্গুবাঈয়ের শুটিং শুরু করেছিলাম ২০১৯ সালের ৮ ডিসেম্বর। দুই বছর পর শুটিং শেষ হলো! ছবি এবং এর সেট দুই দফা লকডাউন এবং দুটো সাইক্লোনের মধ্য দিয়ে গেছে...পরিচালক ও অভিনয়শিল্পীরা কভিড আক্রান্ত হয়েছেন! ছবির সেট যত ঝাপটা সামলেছে, সেটা নিজেই আরেকটা সিনেমার গল্প! এসবের মধ্যে আমি যা অর্জন করেছি তা হলো জীবন বদলে দেয়া গভীর অভিজ্ঞতা।’ এ নোটের সঙ্গে গাঙ্গুবাইয়ের সেটের বেশকিছু ছবি শেয়ার করেছেন আলিয়া।
পরিচালক বানসালির টুপিখোলা প্রশংসা করেছেন আলিয়া, ‘স্যারের (সঞ্জয় লীলা বানসালি) পরিচালনায় কাজ করা আমার জীবনের একটা স্বপ্ন ছিল। গত দুই বছরে আমার যা অভিজ্ঞতা হয়েছে তা মনে হয় না আর কোথাও অর্জন করা সম্ভব হতো...আজ
আমি এ সেট থেকে একজন ভিন্ন মানুষ হিসেবে বেরিয়ে আসছি! আপনাকে ভালোবাসি স্যার! আপনার মতো আর কেউ নেই।’
আলিয়া স্পষ্টই জানিয়েছেন, গাঙ্গুবাইয়ের চরিত্রটি তিনি মিস করবেন। ‘যখন একটা ছবির কাজ শেষ হয় তখন আপনার একটা অংশও থেমে যায়। আজ আমি আমার একটা অংশ হারালাম। গাঙ্গু, তোমাকে ভালোবাসি। তোমাকে মিস করব।’
গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি প্রযোজনা করেছেন ড. জয়ন্তীলাল গাডা (পেন স্টুডিও)। ভারতে মহামারীর পরিস্থিতি উন্নতির পর ছবিটি সিনেমা হলে মুক্তি দেয়া হবে। বর্তমান ঘোষণা অনুযায়ী ছবিটি ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ভারতের কামাঠিপুরার পতিতালয়ের সর্দারণী গাঙ্গুবাঈয়ের জীবনীনির্ভর ছবি গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি। হুসাইন জায়িদির মাফিয়া কুইনস অব মুম্বাই গ্রন্থের একটি অধ্যায়ের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ছবির গল্প। গাঙ্গুবাঈ ১৯৬০-এর দশকে কামাঠিপুরা এলাকায় বেশ প্রভাবশালী হয়ে উঠেছিলেন। ছবিতে বিজয় রাজ, ইন্দিরা তিওয়ারিকেও দেখা যাবে। এছাড়া অজয় দেবগন ও ইমরান হাশমিকে দেখা যাবে ক্যামিও চরিত্রে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










