রোববার প্রচার হলো ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর শেষ নাটক ‘পথে হলো দেরী’ নাটক। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী। সিএমভির ইউটিউব চ্যানেলে স্ট্রিম হওয়ার পর থেকেই প্রশংসা পাচ্ছে নাটকটি। অপূর্ব-তটিনী জুটির অভিনয়ের পাশাপাশি গান ও গল্পের কারণে নাটকটি পছন্দ করেছেন দর্শক।
নাটকটি নিয়ে শুরুতেই দর্শকের আগ্রহ দেখা গেছে। প্রযোজক এসকে সাহেদ আলী মনে করেন, টিজার ও ট্রেলারের সুবাদে এরই মধ্যে প্রশংসায় ভাসছেন অপূর্ব ও সংশ্লিষ্টরা। বেশির ভাগ দর্শকই মনে করছেন, বছর শেষে অপূর্বর বড় কামব্যাক হতে যাচ্ছে এর মাধ্যমে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, সালহা খানম নাদিয়া প্রমুখ।
টিজার ও ট্রেলার থেকে প্রশংসা পেয়ে অপূর্ব বললেন, ‘কক্সবাজার থেকে অনেক ভেতরে, টেকনাফের কাছাকাছি গভীর সমুদ্রে আমরা শুটিং করেছি। এখানে শুটিং করতে আমাদের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়েছে। আশা করছি নাটকটি দর্শকের হৃদয়ে দাগ কেটে যাবে। তবেই আমাদের শ্রম সার্থক হবে।’
এদিকে নাটকটির নির্মাতা ও নাট্যকার জাকারিয়া সৌখিন বলেন, ‘আমি আসলে এ কাজের মাধ্যমে বড় ক্যানভাস ধরার চেষ্টা করেছি। সেটা সম্ভব হয়েছে অপূর্ব, তটিনী, সিনেমাটোগ্রাফার নাজমুল হাসান, প্রযোজক পাপ্পু ভাইসহ ইউনিটের প্রত্যেকের সহযোগিতার কারণে।’
নির্মাতা জানান, গল্পের দাবিতে নাটকের জন্য দুটি নতুন গান তৈরি করেছেন তিনি। লিখেছেন সোমেশ্বর অলি। আর নাটক প্রচারের পর দেখা যাচ্ছে, দর্শক সে গান নিয়েও আলাপ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল শুরু হয় ৩০ নভেম্বর। প্রথম নাটক মিজানুর রহমান আরিয়ান নির্মিত ‘হৃদয়ে হৃদয়’। ৭ ডিসেম্বর প্রচার হয়েছে প্রবীর রায় চৌধুরীর ‘ভালোবাসি তবুও’। পথে হলো দেরীর আগে এ দুটো নাটকও পেয়েছে দারুণ জনপ্রিয়তা।










